বেদখলের পথে সড়কের জায়গা
বগুড়ার শেরপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের টাকায় সরকারি রাস্তার জায়গা দখল করে দোকানঘর নির্মাণের কাজ চলছে। এই নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল। উপজেলার আম্বইল বেলতলায় অবস্থিত হাফিজিয়া মাদ্রাসাটির নামে ওই প্রকল্পের চাল বরাদ্দ দেওয়া হয়েছিল।অভিযোগ রয়েছে আম্বইল বেলতলাসহ ওই সড়কের বিভিন্ন স্থানে স্থানীয় লোকজন অবৈধভাবে দখল করে নির্মাণ করেছেন একাধিক দোকানঘর। জানা যায়, এই উপজেলার শেরুয়া বটতলা থেকে উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটির উন্নয়নকাজের তত্ত্বাবধায়ন করে উপজেলা প্রকৌশল (এলজিইডি) বিভাগ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সূত্র জানায়, ২০০৯-১০ অর্থবছরে ওই মাদ্রাসাসংলগ্ন মসজিদ সংস্কারের নামে এক মেট্রিক টন চাল বরাদ্দ হয়। আর এই চাল উত্তোলনকারী হিসেবে অফিসের ফাইলে সভাপতির নাম ফরিদুল ইসলাম রয়েছে।ফরিদুল ইসলাম জানান, মাদ্রাসার সভাপতি তাঁর ভাই হাফিজুর রহমান। মাদ্রাসার জায়গা তাঁদের দান করা। গত অর্থবছর মাদ্রাসা সংস্কারের নামে টিআর প্রকল্পের অধীন এক মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া যায়। সে চাল বিক্রি করে আরও টাকা দিয়ে তাঁরা ঈদগাহের মাঠ সংস্কার এবং মাদ্রাসার উন্নয়নের জন্য ছয়টি দোকানঘর নির্মাণ করছেন। তিনি দাবি করেন, সড়কের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হচ্ছে না। সড়কে সমস্যা হলে পরবর্তী সময়ে তা অপসারণ করে নেওয়া হবে।হাফিজুর রহমান বলেন, সড়কটির জায়গা আরও অনেকে দখল করেছেন। আর আমরা যা করছি তা তো মাদ্রাসার উন্নয়নের জন্যই।