দুঃখবোধটা আরও কতবার যে কতভাবে ফিরে আসবে, কে জানে। এ বিশ্বকাপ থেকে আগামী বিশ্বকাপ পর্যন্ত চার বছরের বৈশ্বিক ক্রিকেট আলোচনায় নানা প্রসঙ্গে নুনের ছিটা পড়বে আমাদের জ্বালার ওপর। পাকিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের নিদারুণ ভেঙে পড়া বুধবারে আমাদের শুধু একটা জমাট খেলা দেখা থেকেই বঞ্চিত করেনি, বিশ্রীভাবে জাগিয়ে তুলেছে নিজেদের বাজে ক্রিকেট খেলার গ্লানি। বিশ্বাস করতে হোঁচট খাচ্ছিল মিরপুরের ভরা মাঠ। এ দলটির সঙ্গে বাংলাদেশ ৫৮ রানে অলআউট হয়েছে! এত দুর্বল, এত নড়বড়ে একটি দলের সঙ্গে আমরা সামান্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারিনি? চোখে দেখেও যেন বিশ্বাস করতে কষ্ট হয়। পাকিস্তানের সঙ্গে ওদের দৃষ্টিগ্রাহ্য ব্যবধান আছে এ মুহূর্তে, তবু ওদের লড়াইহীন আত্মসমর্পণ কেউ প্রত্যাশা করেনি। সবারই জানা ছিল, ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং অর্ডারই শুধু ওদের দলকে ম্যাচের মধ্যে রাখতে পারে। কিন্তু গেইল, স্মিথ, ব্রাভো, সারওয়ান, পোলার্ডরা নিজ নিজ মহিমায় আবির্ভূত হতে পারলেন না। চন্দরপলের চোয়ালচাপা প্রতিরোধ টেনে টুনে সংগ্রহটাকে তিন অঙ্কে পৌঁছাতে পারল মাত্র। তা নিয়ে শুধু সময় পুরানোর অপেক্ষায়ই থাকা যায়। পাকিস্তানিরা বাতাস চিবোতে চিবোতে সেমিফাইনালে পৌঁছে গেল। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে অনেকেই বাঁকা চোখে উইকেটের দিকে তাকাচ্ছিলেন। হাল্কা হাল্কা প্রশ্ন ছিল, উইকেট কি ব্যাটিং প্রতিকূল? সন্দিগ্ধ দর্শকের সেই ভ্রম মেটাতে হাফিজ-কামরানদের ব্যাটিং ঘোষণা দিল, উইকেট তো প্রায় ব্যাটিং-স্বর্গ। স্লোয়ার, গুগলি, দুসরা না বুঝতে পারলে সে দোষ তো আর উইকেটের হতে পারে না। না, উইকেট বোলারদের জন্য দর্জি দিয়ে তৈরি করা ছিল না। এদিনও ছিল না, তিন সপ্তাহ আগেও ছিল না। হ্যাঁ, এ উইকেটে ভালো খেলার জন্য উইকেটের একটা দাবি ছিল। সে দাবির নাম স্কিল। যেটা এদিন ওয়েস্ট ইন্ডিজের ছিল না, আবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের ছিল না। এ উইকেটে যেদিন যে জিতেছে, সেদিনের তারতম্যে, রণকৌশলের তারতম্যে জিতেছে। বুধবারের পাকিস্তান দলীয় শক্তির প্রাবল্যের বাইরেও ব্যক্তিগত নৈপুণ্যের ব্যবহার এবং রণকৌশলের তীক্ষ্মতায় অনেক এগিয়ে ছিল। ফলে জয়ে ছিল তাদের একপেশে অধিকার। ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের সঙ্গে প্রায় নিশ্চিত জেতা ম্যাচটা হেরে আমাদের মারাত্মক ক্ষতি করেছে। সেদিন আমাদের দুর্বল মনে নানা কুকথা উঁকিঝুঁকি মেরেছে। অনেকেই ভেবেছি, কোনো কালো হাতের প্রভাবে ম্যাচটা ওরা ছেড়ে টেড়ে দিল কি না। কাল ওরা প্রমাণ দিল, ওসব কিছুই নয়। ওরা ও রকমই। ম্যাচটা জেতার ক্ষমতা ওদের ছিল না। সেদিন ওরা ইংল্যান্ডকে হারালে, কথাটা বলতে লজ্জা হচ্ছে, তবু বলে ফেলি—২৩ মার্চে অনেক বেশি প্রতিরোধ সাকিবরা গড়ে তুলতে পারত। কোয়ার্টার ফাইনাল না খেলার কষ্টটা এদিন ফিরে ফিরে আসছিল। বেদনাবোধটা সহজে সারবার নয়। সে যা হোক, দিন শেষে একটা শুভ সংবাদও ছিল, পাকিস্তানের সর্বকালের সেরা ক্রিকেটার ইমরান খানের বোধোদয় হয়েছে। রাজনীতিতে সক্রিয় সাবেক বিশ্বকাপজয়ী এ পাকিস্তানি অধিনায়ক বলেছেন, একাত্তরের অমানবিক অপকর্মের জন্য পাকিস্তানের উচিত বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। যাঁর কাছে বলেছেন, সেই পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর দীর্ঘদিন ধরে এ ব্যাপারে আন্দোলন করে আসছেন। তাঁর সঙ্গে বিপুলসংখ্যক বিবেকবান পাকিস্তানি নাগরিক আছেন। ইমরান খানকে তাঁদের সঙ্গে শরিক হতে দেখে অত্যন্ত ভালো লাগল। ইমরান খান তাঁর প্রাসঙ্গিক বক্তব্যে আরও বলেছেন, পাকিস্তানের সেই সময়ের অপরাধের গুরুত্ব বুঝতে তাঁর সময় লেগেছে। তা সময় লাগুক। তিনি যে বুঝতে পেরেছেন, সেটাই আমাদের জন্য স্বস্তির। কামনা করি খান সাহেব পাকিস্তানের সর্বময় ক্ষমতার অধিকারী হোন এবং সরকারপ্রধান হিসেবে তাঁর আজকের মতামতকে প্রতিষ্ঠিত করুন। ইমরান খান ও পাকিস্তান ক্রিকেটের অনেক অনুসারী বাংলাদেশে আছেন। আশা করি তাঁরা সবাই ইমরান খানের সঙ্গে সহমত পোষণ করবেন।