বেনগাজি প্রতিবেদনের সব সুপারিশ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগাজি শহরে মার্কিন উপদূতাবাসে হামলার ঘটনায় দেওয়া প্রতিবেদনের ২৯টি সুপারিশের সব কটিই গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আজ বুধবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গত ১১ সেপ্টেম্বর বেনগাজির মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলা হয়। এতে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চারজন মার্কিন নাগরিক নিহত হন। এরপর বিষয়টি তদন্ত করতে কংগ্রেসের একটি কমিটি গঠন করা হয়।কমিটির প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র বিভাগের কূটনৈতিক নিরাপত্তা ব্যুরো ও নিকট প্রাচ্যের দেশবিষয়ক ব্যুরোর ভূমিকার সমালোচনা করা হয়েছে।বেনগাজির উপদূতাবাসে পর্যাপ্ত নিরাপত্তার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদ্ধতিগত ব্যর্থতার কথা উঠে এসেছে প্রতিবেদনে। তবে এ ব্যাপারে কোনো কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ মেলেনি। সে কারণে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য পর্যালোচনার সুপারিশ করা হয়নি। উপদূতাবাসে হামলার ঘটনায় গঠিত তদন্ত প্যানেল এই বলে উপসংহার টেনেছে, পদ্ধতিগত ব্যর্থতা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই ব্যুরোর ঊর্ধ্বতন পর্যায়ে নেতৃত্ব ও ব্যবস্থাপনার সমন্বয়হীনতার কারণে বেনগাজির ওই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সক্রিয় নেতৃত্বের ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। উপদূতাবাসের নিরাপত্তার জন্য হুমকির বিষয়ে গোয়েন্দারা কোনো তাত্ক্ষণিক ও সুনির্দিষ্ট নির্দেশনা দিতে পারেননি বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তদন্ত কমিটির কাছে পাঠানো চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, প্রতিবেদনের সুপারিশগুলো দ্রুত ও পুরোপুরি প্রয়োগ করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব মার্কিন দূতাবাস বা উপদূতাবাস বেশি ঝুঁকিতে আছে, সেখানে অতিরিক্ত মেরিন সেনা পাঠানোর পদক্ষেপ নিতেও তিনি নির্দেশ দিয়েছেন। হিলারি বলেছেন, দূতাবাস ও উপদূতাবাসগুলোর নিরাপত্তা জোরদার করতে অর্থবরাদ্দ আরও বাড়ানোর ব্যাপারেও পররাষ্ট্র বিভাগ অনুরোধ জানাবে।