বেনগাজি হামলা নিয়ে জবানবন্দি দিলেন পেট্রাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সদ্য পদত্যাগী প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস গতকাল শুক্রবার মার্কিন আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দিয়েছেন। তিনি জানান, লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলাটি ছিল একটি ‘সন্ত্রাসী আক্রমণ’। বিবিসি জানায়, ডেভিড পেট্রাউস ক্যাপিটল হিলে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির কাছে আলাদাভাবে সাক্ষ্য দেন। তিনি কমিটির কাছে বলেন, ‘এর আগে (হামলা বিষয়ে) যেসব ব্যাখ্যা দেওয়া হয়েছিল, সেগুলো কেটেছেঁটে প্রকাশ করা হয়েছিল, যাতে সন্দেহভাজনেরা সব বুঝে উঠতে না পারে।’ পরকীয়ার জের ধরে সিআইএ-প্রধানের পদ ছাড়ার ঠিক এক সপ্তাহ পর পেট্রাউস বেনগাজি হামলা সম্পর্কে সাক্ষ্য দিলেন।পেট্রাউস সিনেট সদস্যদের আরও জানান, তিনি বেনগাজির ঘটনার জন্য নয়, বরং তাঁর জীবনীকার পলা ব্রডওয়েলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে পদত্যাগ করেছেন।বিবিসি জানায়, সিনেট সদস্যদের শুনানির সময় জেনারেলকে তাঁর ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বিস্তারিত জানাতে বলা হয়েছিল। পেট্রাউস সিনেট সদস্যদের আশ্বস্ত করেন, তাঁর এই সম্পর্ক জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে না।