বেনগাজিতে আল-কায়েদা জড়িত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপ-দূতাবাসে গত মাসের হামলার ঘটনায় আল-কায়েদার সংশ্লিষ্টতা পায়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। যুক্তরাষ্ট্রের ‘দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস’-এর প্রতিবেদনে গতকাল শুক্রবার প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। এই বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ শনিবার এ খবর জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ‘দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস’-এর খবরে বলা হয়, বেনগাজিতে যে হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চারজন নিহত হন, সেটি স্বল্প সময়ের পরিকল্পনায় করা হয়েছিল।একজন গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, হামলাকারীরা বিশৃঙ্খল অবস্থায় ছিল। কেউ কেউ হামলার পর ঘটনাস্থলে যোগ দিয়েছে, কারও কারও কাছে অস্ত্র ছিল না, আবার কেউ কেউ লুটপাটে মত্ত ছিল। আরেকজন কর্মকর্তা জানান, হামলার দিন বা এর আগে এ ব্যাপারে হামলাকারীদের পরিকল্পনার কোনো গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি। তথ্যপ্রমাণ থেকে নিশ্চিত হওয়া গেছে, মিসরের কায়রোতে মার্কিন দূতাবাসে হামলার খবর শোনার পর সুযোগ বুঝে হামলাকারীরা বেনগাজির উপ-দূতাবাসে এ হামলা চালায়। ঘটনার পর যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রিপাবলিকানরা দাবি করছিলেন, রাজনৈতিক কারণে ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে না।তবে হামলার ঘটনার ব্যাপারে পাঁচ সপ্তাহ তদন্তের পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, বেনগাজিতে মার্কিন উপ-দূতাবাসে হামলার ঘটনায় আল-কায়েদা জড়িত ছিল না।