বেনগাজিতে ব্যাপক গোলাগুলি, নিহত দুই শতাধিক
লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে গতকাল শনিবার ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান ও ভারী অস্ত্র দিয়ে গোলা ছুড়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে বলে আল-জাজিরাসহ কয়েকটি সংবাদমাধ্যমের অনলাইনে জানানো হয়েছে। গত ছয় দিন ধরে লিবিয়ার কয়েকটি শহরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ব্রিটেনের দ্য ইনডিপেনডেন্ট বেনগাজিভিত্তিক কয়েকটি পত্রিকার প্রতিবেদনের বরাত দিয়ে সেখানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই শতাধিক বলে উল্লেখ করেছে। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছে এক হাজারেরও বেশি বিক্ষোভকারী।এদিকে গতকালের নিহতের সংখ্যা আরও অনেক বেশি ছিল বলে দাবি করেছে প্রত্যক্ষদর্শীরা। আগের দিন বেনগাজিতে সরকারবিরোধী বিক্ষোভে নিহতদের শেষকৃত্যের অনুষ্ঠান চলার সময় সেনারা অনুষ্ঠানে উপস্থিত মানুষের ওপর গুলি চালায়। বেনগাজির একটি হাসপাতালের চিকিত্সক মারিয়ম গতকালের ঘটনাকে ‘নৃশংস’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমরা এখানে মোটেও নিরাপদ নই।’ বেনগাজি ও বাইদার পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তবে দেশটির রাজধানী ত্রিপোলিতে এখনো বড় ধরনের কোনো সরকারবিরোধী বিক্ষোভের খবর পাওয়া যায়নি।লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল মুয়াম্মার গাদ্দাফি ৪২ বছর ধরে দেশটির ক্ষমতায় আছেন।