বেনগাজিতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে সহিংস বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিবিসি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, একজন আইনজীবীকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার সেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই আইনজীবী সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।বেনগাজি শহরে প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষ অংশ নেয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান, টিয়ারগ্যাস ও রাবার বুুুুলেট ছোড়ে। আর বিক্ষোভকারীরাও পাল্টা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে। তবে তাত্ক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।বিবিসি জানায়, ওই আইনজীবীকে কর্তৃপক্ষ পরে ছেড়ে দিয়েছে। তবে বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে। এদিকে বিক্ষোভকারীরা ঘোষণা দিয়েছে, তারা কাল বৃহস্পতিবার ২০০৬ সালের নিহতদের স্মরণে ‘বিক্ষোভ দিবস’ পালন করবে। তবে কয়েক শ বিক্ষোভকারী মঙ্গলবার রাত থেকেই রাজপথে অবস্থান নিয়েছে। ২০০৬ সালের ১৭ ফেব্রুয়ারি বেনগাজিতে ইসলামপন্থীদের এক সমাবেশে সহিংসতায় ১৪ জন নিহত হয়েছিল। লিবিয়ায় টুইটার ব্যবহারকারীরা দাবি করছে, কর্তৃপক্ষ রাজধানী ত্রিপলিতে ইন্টারনেট ও মোবাইল ফোনসেবা বন্ধ করে দিয়েছে।লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ৪২ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে গণতন্ত্রপন্থীরা বিক্ষোভ করে। সরকারবিরোধী বিক্ষোভের কারণে তিউনিসিয়া ও মিসরের প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হয়। তিউনিসিয়া ও মিসরের বিপ্লবে অনুপ্রাণিত হয়ে লিবিয়ার বিক্ষোভকারীরা ক্ষমতার পরিবর্তনের দাবি করছে।