বেনগাজির বিষয়ে আত্মপক্ষ সমর্থন হিলারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে হামলার ঘটনার বিষয়ে অনেকটা আক্রমণাত্মকভাবেই আত্মপক্ষ সমর্থন করেছেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। গতকাল বুধবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক-বিষয়ক কমিটির শুনানিতে অংশ নিয়ে ওই হামলার বিষয়ে আত্মপক্ষ সমর্থন করেন হিলারি। ক্যাপিটাল হিলে এ শুনানি হয়।সিনেটের শুনানিতে অংশ নিয়ে ওই হামলার দায় আবার নিজের কাঁধে তুলে নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ওই হামলার ঘটনার পর মার্কিন জনগণকে ভুল বোঝানোর জন্য ওবামা প্রশাসনকে অভিযুক্ত করায় এক সিনেটরের কড়া সমালোচনা করেন হিলারি।গত বছরের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে অবস্থিত মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলা ঘটে। এতে মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার পর তোপের মুখে পড়ে ওবামা প্রশাসন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ওই ঘটনা একটি বড় বিষয় হয়ে ওঠে। শুনানিতে হিলারি দাবি করেন, বেনগাজির মার্কিন উপদূতাবাসে হামলার আগে সেখানে অতিরিক্ত নিরাপত্তার জন্য কোনো অনুরোধ তিনি পাননি। ঘটনার বিষয়ে হিলারিকে বিভিন্ন প্রশ্ন করেন সিনেটররা। এ সময় হিলারি বেশ উত্তেজিত হয়ে আত্মপক্ষ সমর্থন করেন। আবার ঘটনার বিবরণ দিতে গিয়ে কখনো হিলারি ছিলেন আবেগপ্রবণ। তিনি বলেন, ‘আমি পররাষ্ট্র দপ্তর ছাড়তে দৃঢ়সংকল্প। আমাদের দেশ এখন আরও নিরাপদ, আরও শক্তিশালী।’লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার বিষয়ে গত বছরের ডিসেম্বরে কংগ্রেসের পররাষ্ট্র-বিষয়ক কমিটির শুনানি হওয়ার কথা ছিল। তবে হিলারির অসুস্থতার জন্য তখন তা বাতিল করা হয়। বারাক ওবামার প্রথম মেয়াদে ২০০৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান তত্কালীন ডেমোক্র্যাট সিনেটর হিলারি ক্লিনটন। গত চার বছরে তিনি ১১২টি দেশ সফর করেছেন। চলতি মাসের শেষ দিকে পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ছেন তিনি।