বেনগাজির হামলা পরিকল্পিত!
লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপ-দূতাবাসে গত সপ্তাহের হামলার ঘটনা পরিকল্পিত ছিল বলে মত দিয়েছেন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে বেনগাজির মার্কিন উপ-দূতাবাসের সামনের বিক্ষোভ প্রাথমিক অবস্থায় মোটেও সহিংস ছিল না। কিন্তু রাত সাড়ে নয়টার দিকে উপ-দূতাবাসে হামলা হয়। ওই হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চারজন মার্কিন কর্মকর্তা নিহত হন।নতুন তথ্যে দেখা গেছে, মার্কিন কর্মকর্তাদের কাছে উপ-দূতাবাসে হামলার মতো কোনো হুমকির তথ্য ছিল না।প্রাথমিকভাবে ওবামা প্রশাসন জানিয়েছিল, ইসলামবিরোধী চলচ্চিত্রের জেরেই বিক্ষোভকারীরা ওই হামলা চালিয়েছেন। কিন্তু নতুন তথ্যে ওই দাবি দুর্বল মনে হয়। একজন জ্যেষ্ঠ মার্কিন সন্ত্রাসবিরোধী কর্মকর্তা গতকাল বুধবার বলেছেন, সবকিছু বিবেচনায় নিলে লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের উপ-দূতাবাসে হামলা ছিল পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা।তা ছাড়া মার্কিন গোয়েন্দারা বলছেন, ওই হামলায় আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সংশ্লিষ্টতাও তাঁরা খতিয়ে দেখছেন।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, উপ-দূতাবাসে পাঁচজন বেসামরিক আমেরিকান নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। সেখানে কোনো সামরিক সদস্য ছিলেন না। ফলে উপ-দূতাবাস প্রায় অরক্ষিতই ছিল।নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, বিক্ষোভকারীরা রকেট নিয়ে উপ-দূতাবাসের সামনে আসেননি; বরং এই বিক্ষোভের ঘটনাকে সুযোগসন্ধানী সন্ত্রাসী গোষ্ঠীরা কাজে লাগিয়েছে।