বেনজির ভুট্টোকে বাঁচানো যেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে গঠিত জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে তৎকালীন পারভেজ মোশাররফ সরকারের সমালোচনা করা হয়েছে। এতে বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিলে বেনজির হত্যাকাণ্ড এড়ানো যেত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অগোচরে এ হত্যাকাণ্ড ঘটেনি। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে দেশটির গোয়েন্দা সংস্থা পুলিশের তদন্তকাজকেও প্রভাবিত করেছে।জাতিসংঘে নিযুক্ত চিলির রাষ্ট্রদূত হেরালদো মুনোজকে প্রধান করে গঠিত তদন্ত কমিশন গত বৃহস্পতিবার মহাসচিব বান কি মুনের কাছে বহুপ্রতীক্ষিত এ প্রতিবেদন জমা দেন। পরে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে মুনোজ বলেন, পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই বেনজির খুন হয়েছেন। ওই দিন পাকিস্তানের কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক সরকার এবং রাওয়ালপিন্ডি পুলিশের দায়িত্ব ছিল বেনজিরের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ তাঁর জীবনের ঝুঁকির বিষয়টি জানা সত্ত্বেও তারা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়নি।মুনোজ বলেন, রাওয়ালপিন্ডি পুলিশ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিলে হয়তোবা বেনজিরকে প্রাণ দিতে হতো না। কিন্তু সেদিন তাঁদের পক্ষ থেকেও অপর্যাপ্ত ও অকার্যকর নিরাপত্তা নেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, তদন্তের সময় সামরিক ও গোয়েন্দা সূত্রগুলোর সঙ্গে কথা বলতে কমিশনকে বাধা দেওয়া হয়েছে। তবে কারা বাধা দিয়েছে—তা তিনি উল্লেখ করেননি।তদন্ত কমিশনের প্রধান জানান, প্রতিবেদন তৈরিতে তাঁরা প্রায় ২৫০ জনের সাক্ষাৎকার নিয়েছেন। এঁদের মধ্যে পাকিস্তানি কর্মকর্তা, সাধারণ নাগরিক, বিদেশি নাগরিক (যাঁরা বিষয়টি সম্পর্কে জানেন) ও ব্রিটিশ পুলিশের গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ডের সদস্যরা আছেন।এর আগে স্কটল্যান্ড ইয়ার্ড বেনজির হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে। তারা জানায়, গুলি ও আত্মঘাতী হামলায় পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর মৃত্যু হয়। পাকিস্তান সরকারের আহ্বানে গত জুলাই থেকে এ ঘটনার তদন্ত শুরু করে জাতিসংঘ গঠিত তদন্ত কমিশন।৬৫ পৃষ্ঠার প্রতিবেদনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর সমালোচনা করা হয়। বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলো যেসব আলামত সংগ্রহ করেছিল, তা থেকে নির্বাচিত কিছু আলামত তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছিল। হত্যাকাণ্ডের বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ কারণেই পুলিশের তদন্তকারী দল মূল ঘটনা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে এবং দেশটিতে রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ করতে গুরুত্বের সঙ্গে নিরপেক্ষভাবে তদন্ত করতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানানো হয় প্রতিবেদনে। তদন্তে ঘটনার জন্য দায়ী, পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের চিহ্নিত করতে বলা হয়।প্রতিবেদনে পাকিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। এতে বলা হয়, ওই সময় দলের পক্ষ থেকে বেনজিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন মালিক। কিন্তু বিস্ফোরণের মুহূর্তে তিনি ঘটনাস্থলে ছিলেন না। এ সময় তাঁর নিরাপত্তাব্যবস্থা একেবারেই নাজুক হয়ে পড়ে।জাতিসংঘ তদন্ত কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, বেনজির ভারত-পাকিস্তান সম্পর্ক উন্নয়নে আগ্রহী ছিলেন। এ কারণেও তাঁকে হত্যা করা হতে পারে।জাতিসংঘে পাকিস্তানি দূত আবদুল্লাহ হুসেন প্রতিবেদনের কপি হাতে পেয়েই নিউইয়র্কে তাঁর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করেন। তদন্ত প্রতিবেদনের বিষয়টি ব্যক্তিগতভাবে সরকারকে জানাতেই তিনি দেশে ফিরছেন বলে জানা যায়।প্রতিবেদনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সরকারের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর গতকাল শুক্রবার ইসলামাবাদে বলেন, ‘আমরা প্রতিবেদনটি পড়ে দেখছি। পরে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।’ তবে প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেছে বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।২০০৭ সালের ২৭ ডিসেম্বর গুলি ও আত্মঘাতী হামলায় নিহত হন মুসলিম-বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। রাওয়ালপিন্ডিতে নির্বাচনী সমাবেশে বক্তৃতার পর গাড়িতে ওঠার সময় তাঁর ওপর হামলা চালানো হয়। এতে ২৪ জন নিহত ও ৯১ জন আহত হয়। এএফপি, বিবিসি, ওয়াশিংটন পোস্ট।