বেনজির হত্যা মামলার বিশেষ কৌঁসুলি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার বিশেষ কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলীকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে রাজধানী ইসলামাবাদে অজ্ঞাত বন্দুকধারীরা তাঁকে হত্যা করে। এ সময় জুলফিকারের গাড়ির আঘাতে এক মহিলা নিহত হন।জুলফিকার আলী ২৬/১১ মুম্বাই হামলার ঘটনায় করা মামলারও কৌঁসুলি ছিলেন।খবরে জানানো হয়, আজ স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ইসলামাবাদের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন চৌধুরী জুলফিকার আলী। এ সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত ব্যক্তিরা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। কেন্দ্রীয় তদন্ত সংস্থার কৌঁসুলি জুলফিকার আলীর শরীরে কয়েকটি গুলি লাগে। হামলায় জুলফিকার আলীর দেহরক্ষীও গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ জুলফিকার নিয়ন্ত্রণ হারালে তাঁর গাড়িটি রাস্তা পার হতে থাকা এক মহিলাকে ধাক্কা দেয়। আহত ওই মহিলা পরে হাসপাতালে মারা যান।বেনজির ভুট্টো হত্যা মামলার শুনানিতে উপস্থিত হতে বিশেষ কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলী রাওয়ালপিন্ডির একটি আদালতে যাচ্ছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তাঁর ছেলে নাসির। এখন পর্যন্ত কেউ এই হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেনি। বিবিসি ও পিটিআই অনলাইন।