বেনজির হত্যা মামলায় আদালতে মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যার ঘটনায় করা মামলায় এই প্রথম তাঁকে আদালতে হাজির করা হলো। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়।মোশাররফের বিরুদ্ধে বেনজির ভুট্টোকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চার বছরের স্বেচ্ছানির্বাসন থেকে গত মাসে দেশে ফেরার পর মোশাররফের বিরুদ্ধে তিনটি মামলা সচল হয়েছে। এর মধ্যে বেনজির হত্যায় জড়িত থাকার অভিযোগে করা মামলা একটি।মোশাররফ ক্ষমতায় থাকার সময় ২০০৭ সালে দেশের শীর্ষস্থানীয় বিচারকদের বন্দী করা হয়। এর বিরুদ্ধে করা মামলায় গত বৃহস্পতিবার জামিন নিতে আদালতে হাজির হন তিনি। আদালত জামিন নামঞ্জুর করলে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের নিয়ে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন মোশাররফ। এরপর সাবেক এই সেনাশাসককে তাঁর খামারবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আদালত ইসলামাবাদে মোশাররফের খামারবাড়িকে উপকারাগার ঘোষণা করে সেখানে তাঁকে বন্দী রাখার নির্দেশ দেন।আজ সকালে বেনজির হত্যা মামলায় মোশাররফকে তাঁর খামারবাড়ি থেকে গাড়িতে করে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়। আদালতের বাইরে প্রায় ১৫০ জন আইনজীবী মোশাররফের নিন্দা জানিয়ে স্লোগান দেন। অন্যদিকে তাঁর সমর্থকেরা ‘দীর্ঘজীবী হোন মোশাররফ’ বলে স্লোগান দেন। আদালত ভবনের বাইরে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন। আইনজীবী ও মোশাররফের সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটার ঘটনা ঘটে। এতে আদালত প্রাঙ্গণে এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়।এই সাবেক সেনাশাসকের আইনজীবী সালমান সফদার সাংবাদিকদের বলেন, ‘বেনজির হত্যা মামলায় আজ ছিল নিয়মিত শুনানি। তবে এ মামলায় মোশাররফকে প্রথমবারের মতো হাজির করা হলো।’আদালতে প্রায় ১৫ মিনিট ছিলেন মোশাররফ। এরপর তাঁকে উপকারাগারে ফিরিয়ে নেওয়ার আগে তিনি তাঁর আইনজীবীর সঙ্গে আরও ১৫ মিনিট সময় কাটান। আদালত আগামী ৩ মে পর্যন্ত বিচারকাজ মুলতবি করেছেন।