বেনজির হত্যা মামলায় মোশাররফকে ফেরারি ঘোষণা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দেশটির সন্ত্রাসবিরোধী এক বিশেষ আদালত আজ সোমবার সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে ফেরারি আসামি হিসেবে ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে একটি বিজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। পারভেজ মোশাররফ বর্তমানে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন যাপন করছেন।এই বিশেষ আদালতটি আজ রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের মধ্যে বেনজির হত্যা মামলার গ্রেপ্তার হওয়া আসামিদের বক্তব্য শোনেন। ফেডারেল তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, পারভেজ মোশারফের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায়নি। যেহেতু এ বিষয়ে দুই দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি নেই বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার। ফেডারেল তদন্ত কর্মকর্তারা আদালতে মোশাররফকে ফেরারি আসামি হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আবেদন করেন।এদিকে মোশাররফের মুসলিম লীগের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী এ ব্যাপারে বলেন, পারভেজ মোশাররফকে দেশে ফিরতে বাধা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশে ফেরার ব্যাপারে তাঁর মনোবল অটল। দ্য নিউজ অনলাইন, পিটিআই।