বেনজির হত্যা: মোশাররফের সম্পত্তি জব্দের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইয়ে নির্বাসিত পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সব সম্পত্তি বাজেয়াপ্ত এবং পাকিস্তানে তাঁর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন দেশটির সন্ত্রাসবিরোধী একটি আদালত। গুপ্ত ঘাতকের হাতে নিহত হওয়া সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে আদালত মোশাররফের বিরুদ্ধে এ নির্দেশ দেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানায়।বেনজির ভুট্টো ছিলেন মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে নির্বাচনী শোভাযাত্রা শেষে ফেরার পথে আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে তিনি নিহত হন। স্বেচ্ছায় দীর্ঘদিন নির্বাসনে থাকার পর বেনজির ওই সময় দেশে ফিরেছিলেন।গত ফেব্রুয়ারি মাসে সন্ত্রাসবিরোধী একটি আদালত মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মোশাররফ আদালতে হাজির না হওয়ায় তাঁকে আইনের চোখে পলাতক দেখানো হয়।সরকারি কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলী রয়টার্সকে জানান, পারভেজ মোশাররফ এই মামলায় অভিযুক্ত এবং আদালতে তাঁর হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে আদালত এ নির্দেশ দিয়েছেন। সরকারি ওই আইনজীবী আরও বলেন, বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া ওই সম্পত্তির মধ্যে ইসলামাবাদের একটি খামারবাড়ি, একাধিক আবাসিক প্লট এবং ব্যাংক হিসাব রয়েছে। মোশাররফের ওই সম্পদের পরিমাণ প্রায় নয় কোটি রুপি।নিরাপত্তার খাতিরে রাওয়ালপিন্ডির একটি কারাগারে গতকাল শনিবার রুদ্ধদ্বার এ বিচারকাজ অনুষ্ঠিত হয়। এ মামলায় সন্দেহভাজন পাঁচজন জঙ্গি ও পুলিশের দুজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।মোশাররফের একজন ঘনিষ্ঠ সহযোগী এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছেন।মোশাররফের মুখপাত্র ফুয়াদ চৌধুরী জানান, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য পরিকল্পিতভাবে এই মামলাটি করা হয়েছে। একই সঙ্গে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং আইনশৃঙ্খলার অবনতিশীল অবস্থা থেকে সবার দৃষ্টি অন্যদিকে ফেরাতেই মোশাররফকে আসামি করা হয়েছে।এদিকে দুইবার বোমা হামলা থেকে বেঁচে যাওয়া মোশাররফ দাবি করে করেছেন, তিনি বেনজির ভুট্টোর হত্যার সঙ্গে জড়িত নন। এমনকি নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনীর কেউও হত্যাকাণ্ডে জড়িত নন বলে তিনি দাবি করেন। তত্কালীন মোশাররফ সরকার ভুট্টোর হত্যার জন্য তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদকে দায়ী করেন। মেহসুদ ২০০৯ সালে আফগানিস্তান সীমান্তে চালকবিহীন মার্কিন বিমান হামলায় মারা যান।মোশাররফ গত মে মাসে বলেছিলেন, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও তিনি আগামী বছর পাকিস্তানে ফিরতে পারেন। ২০১৩ সালে পার্লামেন্টারি নির্বাচনে অংশ নেওয়াই হবে তাঁর লক্ষ্য।