বেনজির হত্যাকাণ্ডে নতুন করে তদন্তের চাপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘ তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশের পর সরকারের ওপর এ বিষয়ে নতুন করে তদন্তের চাপ বাড়ছে।জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আশঙ্কাই সত্যি হয়েছে বলে মন্তব্য করেছেন তাঁর স্বামী ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তবে এই প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ।গত বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তার অভাবেই বেনজির হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনা ভিন্ন খাতে নিতে পুলিশের তদন্তকাজকে প্রভাবিত করা হয়েছে। প্রতিবেদনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর কঠোর সমালোচনা করে হত্যাকাণ্ডের জন্য দায়ী, মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের চিহ্নিত করতে সামগ্রিক তদন্তের সুপারিশ করা হয়।আসিফ আলী জারদারি গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, বেনজির হত্যাকাণ্ডের জন্য পিপিপি জেনারেল পারভেজ মোশাররফকেই দায়ী করে আসছিল। প্রথমত, মোশাররফ সরকার বেনজিরের নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা নেয়নি; দ্বিতীয়ত, হত্যাকাণ্ডের মূল কারণ ধামাচাপা দিতে আলামতও গোপন করা হয়। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে এ বিষয়টিই প্রমাণিত হয়েছে।জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রায় ২০ ঘণ্টা পর প্রতিক্রিয়া ব্যক্ত করেন জারদারি। প্রতিক্রিয়ায় তিনি শুধু পারভেজ মোশাররফ সরকারেরই সমালোচনা করেছেন। কিন্তু বেনজিরের নিরাপত্তায় পিপিপির ব্যর্থতার বিষয়টি প্রতিবেদনে এলেও এই বিষয়ে জারদারি কিছুই উল্লেখ করেননি।সরকারের পক্ষ থেকে বেনজির হত্যাকাণ্ডের তদন্ত জোরদার করার কথা বলা হলেও এ ব্যাপারে সুস্পষ্ট কিছুই জানানো হয়নি। কীভাবে, কার তত্ত্বাবধানে বা কত দিনের মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে, তাও উল্লেখ করা হয়নি।তবে প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের আলোকেই এ তদন্ত জোরদার করা হবে। তিনি বলেন, প্রতিবেদনটি আইন বিশেষজ্ঞদের মাধ্যমে খতিয়ে দেখা হবে। প্রতিবেদনে বেনজিরের নিরাপত্তায় অবহেলা কিংবা হত্যার ষড়যন্ত্রে জড়িত যাদের নাম এসেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।এদিকে পিপিপির জ্যেষ্ঠ নেতা ও সিনেটর সফদার আব্বাসি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পৃথক বিভাগ গঠন প্রয়োজন বলে উল্লেখ করেন। তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল হোতাদের চিহ্নিত করা না হলে দলের নিবেদিতপ্রাণ কর্মীদের মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। হত্যাকাণ্ডের সময় বেনজিরের গাড়িতেই ছিলেন আব্বাসি। বেনজিরের রাজনৈতিক সচিব নাহিদ খান (হামলার সময় বেনজিরের পাশে ছিলেন) বলেন, হত্যাকাণ্ডের আসল ঘটনা উদ্ঘাটনে বিশ্বাসযোগ্য ব্যক্তিদের মাধ্যমে অবশ্যই নতুন করে তদন্ত করতে হবে।জাতিসংঘের প্রতিবেদনে পাকিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। এতে বলা হয়, হামলার সময় দলের পক্ষ থেকে বেনজিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন মালিক। কিন্তু বিস্ফোরণের মুহূর্তে তিনি ঘটনাস্থলে ছিলেন না। বিষয়টি জনগণের মধ্যে প্রশ্নের উদ্রেক করেছে।সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জাতিসংঘের প্রতিবেদনে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, এতে অনেক প্রশ্নেরই উত্তর মেলেনি। তিনি অভিযোগ করেন, বেনজিরকে হত্যার পর ঘটনাস্থল তড়িঘড়ি করে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছিল। সব মিলিয়ে বেনজির হত্যাকাণ্ডের কারণ, মূল পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা ও হত্যাকারীদের চিহ্নিত করতে নতুন করে তদন্ত করতে সরকারের ওপর চাপ বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী সমাবেশে বক্তৃতা শেষে গাড়িতে ওঠার মুহূর্তে গুলি ও আত্মঘাতী হামলায় নিহত হন। সূত্র: দ্য ডন, দ্য নিউজ, দ্য টেলিগ্রাফ।