বেনজির হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানের তালেবান দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ৩০ অক্টোবর সন্ত্রাসবাদবিরোধী আদালতে এই তদন্ত প্রতিবেদন পেশ করার কথা রয়েছে। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার।২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার পর নিজের গাড়িতে ওঠার সময় গুলি ও বোমা হামলায় নিহত হন বেনজির ভুট্টো। ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজে এক কিশোরকে বেনজিরের দিকে বন্দুক তাক করতে দেখা যায়। হত্যাকাণ্ডের পরপরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় তালেবানের জড়িত থাকার অভিযোগ তুলে বিবৃতি দিয়েছিল।কেন্দ্রীয় তদন্ত সংস্থা টিটিপির নেতা বায়তুল্লাহ মেহসুদকে বেনজির হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলে চিহ্নিত করেছে। সূত্র জানায়, কেন্দ্রীয় তদন্ত সংস্থা ৩০ অক্টোবরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে কিছুটা দ্বিধান্বিত ছিল। কারণ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন তিন ব্যক্তি আবদুর রেহমান, সাদ্দাম ও ফাইজ মোহাম্মদের ব্যাপারে তারা তদন্ত শেষ করতে পারেনি। এখন অবশ্য বলা হচ্ছে, উপজাতি-অধ্যুষিত অঞ্চলে সামরিক বাহিনীর অভিযানের সময় ওই তিনজনই নিহত হয়েছেন। অভিযোগ থাকা অপর পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রাফাকাত, হুসেন, শের জামান, আইতজাজ শাহ ও আবদুর রশিদ। গ্রেপ্তার হওয়া সবাই টিটিপির সদস্য।তদন্ত দলের প্রধান খালিদ মেহমুদ বলেন, তদন্ত পুরোপুরি শেষ হয়নি। তবে ৩০ অক্টোবর আদালতে প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টিও তিনি নাকচ করেননি।এর আগে বেনজির হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে জাতিসংঘ। ওই তদন্ত প্রতিবেদনে বেনজিরের ওপর হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও তৎকালীন সেনাশাসক পারভেজ মোশাররফের সরকার পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়।তদন্ত দল বেনজিরের হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের কাছে একটি প্রশ্নপত্র পাঠাতে চেয়েছিল। ক্ষমতাসীন স্বরাষ্ট্রমন্ত্রীকে সমন জারি বা জিজ্ঞাসাবাদের বিধান নেই বলে প্রশ্নপত্র পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্নপত্র পাঠানো হয়নি। বেনজির হত্যাকাণ্ডের সময় রেহমান মালিকসহ পিপিপির বেশ কিছু নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।এদিকে, বেনজির হত্যাকাণ্ডে পাকিস্তানের এলিট ফোর্সের কর্মকর্তা আশফাক আনোয়ারের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের সময় তিনি রাওয়ালপিন্ডির এলিট ফোর্সের প্রধান ছিলেন। বেনজিরের নিরাপত্তার দায়িত্বও ছিল আশফাকের। তিনি এখন বৃত্তি নিয়ে ব্রিটেনে অবস্থান করছেন।একটি সূত্র জানায়, তদন্ত দল এই মামলায় জড়িত সন্দেহভাজন কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য রেকর্ড করেনি।উল্লেখ্য, বেনজির হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী টিটিপির নেতা বায়তুল্লাহ মেহসুুদ ২০০৯ সালের আগস্ট মাসে মার্কিন চালকবিহীন বিমান হামলায় স্ত্রী, দেহরক্ষীসহ নিহত হন।