বেনজির হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধ সাধলেন জারদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ না করার জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিককে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আল জারদারি। পাকিস্তানের একটি দৈনিক পত্রিকার প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বেনজিরের পঞ্চম মৃত্যুবার্ষিকী স্মরণে আয়োজিত পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গত বৃহস্পতিবারের বৈঠকে ওই প্রতিবেদনটি পেশ করার কথা ছিল। কিন্তু, জারদারি এতে বাধ সাধেন।উর্দু পত্রিকা ‘ডেইলি এক্সপ্রেসে’র প্রতিবেদনে এক সূত্রের বরাত দিয়ে বলা হয়, জারদারি ও মালিকের মতানৈক্য নিয়ে যখন কানাঘুষা চলছে তখন এ ঘটনাটি ঘটল।বৃহস্পতিবার সিন্ধু প্রদেশের গরহি খুদা বক্সে বেনজিরের পারিবারিক গোরস্থানের সামনে পিপলস পার্টির একটি জনসভা শুরুর ঘণ্টাখানেক আগে জারদারি মালিককে এ নির্দেশ দেন।এর আগে মালিক জানিয়েছিলেন, তিনি ওই প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে আগ্রহী। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর বেনজির রাওয়ালপিণ্ডির এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।সংবাদপত্রের খবরে বলা হয়, মালিক ওই প্রতিবেদনটি পিপলস পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় পেশ করতে আগ্রহী ছিলেন। তিনি আরও চাইছিলেন, বিলাওয়াল ভুট্টো এ প্রতিবেদনটি সবার সামনে প্রকাশ করে নিজের রাজনৈতিক কর্মজীবন শুরু করুন। দেশটির গণমাধ্যম ও সাংবাদিকদের কাছে প্রায় ১০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি তিনি প্রকাশ করতে চাইছিলেন। খবরে বলা হয়, তদন্ত প্রতিবেদন নিয়ে মালিক দেশটির কেন্দ্রীয় তদন্ত বিভাগের সাথে কয়েক দফা আলোচনা করেছেন। তিনি নিজে ছাপার কাজের তত্ত্বাবধান করছিলেন। তবে শেষ পর্যায়ে জারদারির হস্তক্ষেপে তা স্থগিত করা হয়। জারদারি কেন এ কাজ করেছেন বা আদৌ কী করছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে, তদন্ত প্রতিবেদনকে কেন্দ্র করে জারদারি ও মালিকের মতদ্বৈততা নিয়ে দেশটিতে ব্যাপক কানাঘুষা চলছে বলে প্রকাশিত খবরে নিশ্চিত করা হয়েছে।