বেনজিরের নির্দেশে দুটি দেশকে পারমাণুপ্রযুক্তি দিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দেশের পরমাণুপ্রযুক্তি অন্য দুটি দেশের কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছিলেন প্রখ্যাত পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খানকে। পাকিস্তানের সংবাদ সংস্থা জং নিউজকে গতকাল শনিবার দেওয়া এক সাক্ষাত্কারে আবদুল কাদির খান এ কথা বলেন।আবদুল কাদির খান বলেন, পরমাণুপ্রযুক্তি কারও কাছে হস্তান্তর করা এত সহজ নয় যে কোনো একজন এটা পকেটে ভরে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাবে। ‘পুরো কাজের দেখভাল করে প্রায় ৮০০ জন ব্যক্তি। সে সময়ের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় বেনজির ভুট্টো আমাকে ডেকে পাঠান এবং দুটি দেশের নাম উল্লেখ করে তাদের সহায়তা করার ও পরিষ্কার করে সব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।’তিনি আরও বলেন, ‘আমি ইচ্ছামতো চলতে পারতাম না, আর তাই আমাকে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল। আমাদের জাতীয় স্বার্থে দেশ দুটির ভূমিকা ও সহযোগিতার বিষয়ে হয়তো প্রধানমন্ত্রীর জানাশোনা ছিল।’কাদির খান বলেন, ‘এখন পারমাণবিক পরীক্ষা চালানোর কৃতিত্ব দাবি করে নায়ক বনতে চান নেওয়াজ শরিফ। অথচ তিনি পারমাণবিক পরীক্ষা চালাতে একেবারেই রাজি ছিলেন না। কারণ, তিনি ভয় পেতেন যে, তাতে যুক্তরাষ্ট্র নাখোশ হতে পারে যা তাঁর দলের জন্য হুমকি তৈরি করবে।’ তিনি বলেন, নেওয়াজ শরিফ তাঁর (কাদির খান) কিছু সহযোগী ও বন্ধুকে সঙ্গে নিয়ে তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে, ভারতের পারমাণবিক পরীক্ষার জবাবে কোনো পদক্ষেপ না নিলে পাকিস্তান আন্তর্জাতিক মহলের সহানুভূতি পাবে। ‘কিন্তু আমি পরিষ্কার করে বলেছিলাম, যদি সে (নেওয়াজ) তা করে, তবে আমি সংবাদমাধ্যমের সামনে সব ফাঁস করে দেব। এরপর মিয়া নেওয়াজ শরিফ পারমাণবিক পরীক্ষা চলাতে রাজি হন।’প্রখ্যাত এই পরমাণুবিজ্ঞানী বলেন, এখন অনেকেই বলার চেষ্টা করে বা মিছেমিছি কৃতিত্ব দাবি করে যে, তারা পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে। কিন্তু এরা কখনোই বলে না, কোন দেশের বা ব্যক্তির কল্যাণে তারা সেটা অর্জন করেছে।এক প্রশ্নের জবাবে কাদির খান বলেন, ইমরান খানের কাছে তাঁর অনেক প্রত্যাশা ছিল। কিন্তু তাঁর সঙ্গে কয়েকটি বৈঠকের পর তিনি হতাশ হয়েছেন। তিনি বলেন, তাঁর (ইমরান খান) রাজনৈতিক প্রজ্ঞা এখনো অনেক কাঁচা। ইমরানের রাজনীতিকে তিনি ‘কৃত্রিম রাজনীতি’ হিসেবে উল্লেখ করেন।পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় মার্কিন ড্রোন হামলার বিষয়ে কাদির খান বলেন, সেসব হামলা রাজনৈতিক নেতাদের ও সামরিক বাহিনীর সম্মতিতেই ঘটছে। তিনি বলেন, ‘রাজনীতিবিদেরা যেমন উপজাতি এলাকাগুলোতে ড্রোন হামলার দায়দায়িত্ব এড়াতে পারেন না, তেমনি সামরিক বাহিনীও সে দায়িত্বকে অস্বীকার করতে পারে না। কারণ, সামরিক বাহিনী দেশের সীমান্ত ও ভূমি রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।’কাদির খান বলেন, ‘ড্রোন হামলা বন্ধের জন্য পাকিস্তান বিমানবাহিনীকে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। যদি আদিবাসীদের আমরা দেশে তৈরি কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ছোট ছোট ক্ষেপণাস্ত্র সরবরাহ করি, তবে তারাই এসব ড্রোন ভূপাতিত করতে পারবে। ড্রোন ভূপাতিত করা যায় না, এটা ভাবা ভুল।’ আরেক প্রসঙ্গে কাদির খান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে কখনো চিরতরে চলে যাবে না, বরং সেখানে তার শক্তিশালী অবস্থান বজায় রাখবে। তিনি বলেন, ‘পাকিস্তান সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত খুব পরিষ্কার। তারা চায় পাকিস্তানকে ভাগ করে পাঞ্জাবের মতো ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত করতে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায়, পাকিস্তান পাঞ্জাবের মতো কমজোর হয়ে ভারতের সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করুক। কিন্তু, পাকিস্তানের উচিত হবে ভারতের সঙ্গে চুক্তি না করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গাঢ় করা। তিনি মনে করেন, বর্তমানে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঠিক পথেই এগোচ্ছে। কাদির খান বলেন, আসিফ আলী জারদারি জেনারেল জিয়াউল হককেও ছাড়িয়ে গেছেন এবং প্রতিদ্বন্দ্বী নেওয়াজ শরিফকে রাজনৈতিকভাবে যথেষ্ট দমন করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, যে সরকার মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কাজ করে যুক্তরাষ্ট্রের নির্দেশ অনুযায়ী, সে সরকার ওয়াশিংটনের জন্য খুবই উপযোগী।সাধারণ নির্বাচন বিষয়ে কাদির খান বলেন, সেনাবাহিনীর ক্ষমতায় আসার পথ বন্ধ করেছে বলে সুপ্রিম কোর্ট যে দাবি করছে, তা অর্থহীন। যদি সেনাবাহিনী চায়, তবে তারা ক্ষমতায় যেতে পারবে। আর এরপর সেই ক্ষমতা দখল জায়েজ করতে এবং সংবিধান সমুন্নত রাখতে সে প্রয়োজনীয় আইন পাস করাতেই পারবে। তিনি বলেন, যদি সেনাবাহিনী চায়, তবে পূর্বনির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করতে পারবে।