বেনাপোল ও বরগুনায় নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে চারজনের সাজা
নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে যশোরের বেনাপোলে একজন ও বরগুনায় তিনজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার দুপুরে ভোট গ্রহণ চলাকালে পৃথক ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন।যশোর অফিস থেকে জানিয়েছে, ব্যালট পেপার ছিনতাই করে বেনাপোল পৌরসভার আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আশরাফুল ইসলামের নির্বাচনী প্রতীক দোয়াত কলম মার্কায় সিল মারার অভিযোগে হাবিবুর রহমান (৩৯) নামের এক ব্যক্তিকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ দুপুরে যশোরের বিচারিক হাকিম নাজমুছ শাহাদাত্ হাবিবুরকে এ সাজা প্রদান করেন।ভোট চলাকালে হাবিবুর ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে সাতটি ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ‘দোয়াত কলম’ মার্কায় সিল মারেন বলে জানা গেছে। পরে প্রিজাইডিং অফিসার এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করেন। প্রিজাইডিং অফিসারের লিখিত অভিযোগ আমলে নিয়ে বেলা দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্থানীয় ‘সরকার (পৌরসভা) নির্বাচন আইন ২০০৯’ অনুযায়ী অভিযুক্ত হাবিবুরকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর হাবিবুরকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।বরগুনা প্রতিনিধি জানিয়েছেন, আজ সকালে বেতাগী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে শহরের খাদ্যগুদাম কেন্দ্রে একজন কাউন্সিলর পদপ্রার্থীর ছবিসংবলিত প্রচারপত্রে ভোটার নম্বর সরবরাহ করার অভিযোগে বেলায়েত হোসেন (২২), হূদয় (২৪) ও শাহীন (২৫) নামে ওই তিন যুবককে আটক করে র্যাব। পরে নির্বাচনী আইনলঙ্ঘনের বিচারের জন্য গঠিত ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বপ্রাপ্ত বরগুনার আমলী আদালতের হাকিম এন এম কবির ওই তিন যুবকের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন।