বেনাপোল সীমান্তে দুই দেশের উৎসবের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন করতে ব্যাপক প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত যৌথভাবে যশোর জেলার বেনাপোল স্থলবন্দরের নোম্যান্সল্যান্ডে উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলা নববর্ষ ১৪১৭ সালের পহেলা বৈশাখ এ উৎসব হবে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বাংলাদেশ সমর্থক কমিটি এবং ভারতীয় অফিশিয়াল কমিটি এ উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে। ২৮ ফেব্রুয়ারি দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সমর্থক কমিটির দুই দেশের প্রতিনিধিদের যৌথ সভায় এ কথা বলা হয়। সভায় সুন্দরবন সমর্থক কমিটি বাংলাদেশের আহ্বায়ক লিয়াকত আলী বলেন, বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহর থেকে জেলার তৃণমূল পর্যন্ত প্রচারণা চালানো হবে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ থেকে দিল্লি পর্যন্ত সর্বস্তরে প্রচারণা চালানো হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে এ বিষয়ে নিজ নিজ দেশের সমর্থক কমিটি যোগাযোগ করবে।সমর্থক কমিটি ভারতের আহ্বায়ক সুকুমার সিং বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনকে বাঁচাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যথেষ্ট আন্তরিক। ভারতের সমর্থক কমিটি চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সপ্তাশ্চর্য নির্বাচনের বিষয়টি সর্বত্র ছড়িয়ে দিতে। সভায় উপস্থিত ছিলেন সুন্দরবন সমর্থক কমিটি বাংলাদেশের সদস্যসচিব রফিকুল ইসলাম, সদস্য এ কে হিরু ও সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক আনোয়ারুল কাদির।