বেনাপোলে মেলায় বোমা হামলা, নিহত ১
যশোরের বেনাপোলের বলফিল মাঠে বৈশাখী মেলায় বোমা হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। এঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গত রাত সাড়ে ১০টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে। ওই সময় মেলায় কনসার্ট চলছিল। পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম জিয়া (৩০)। তিনি বেনাপোল স্থলবন্দরের শ্রমিক ছিলেন। গতকাল স্থানীয় বলফিল মাঠে ছাত্রলীগ ও যুবলীগ বৈশাখী মেলার আয়োজন করে। ওই মেলায় স্থানীয় বয়েজ ক্লাবের শিল্পীরা গান পরিবেশনকালে অজ্ঞাত দুষ্কৃতকারীরা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই সাদিপুর গ্রামের জিয়া নিহত হন। আহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন বড় আচড়া গ্রামের হামিদুর রহমান ও অন্যজন ভবেরবেড় গ্রামের শিমুল। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি গুরুতর আহত দুজনকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।