বেনামে চার কোটি টাকার কাজ নিলেন এক সদস্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) মালিকানাধীন বিপণিবিতানের (নিউমার্কেট) বর্ধিত অংশের অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সম্প্রতি প্রায় চার কোটি টাকার কাজের দরপত্র দেওয়া হয়। গত বৃহস্পতিবার ওই কাজের দরপত্র জমা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, চউক সদস্য ইউনুস গণি চৌধুরী ওই কাজটি নিজের লোকের মাধ্যমে নিয়ে নিজেই করছেন। তিনি জেলা উত্তর আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক বলে জানা গেছে। চউক সূত্রে জানা যায়, সাজসজ্জার জন্য গত বুধবার আটটি আবেদনপত্র কেনা হয়। এর মধ্যে পাঁচটিই কিনে নেন ইউনুস গণির ব্যক্তিগত ব্যবস্থাপক জাবেদ হোসেন। অন্য তিন ঠিকাদার তিনটি ফরম কেনেন। ওই দিন রাতে ওই তিন ঠিকাদারকে ইউনুস গণির নাসিরাবাদ আবাসিক এলাকার বাসায় ডেকে সমঝোতার প্রস্তাব দিয়ে ফরম জমা না দিতে বলে দেওয়া হয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ঠিকাদারেরা দরপত্রে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। গত বৃহস্পতিবার জানা যায়, মাত্র তিনটি ফরম জমা পড়েছে। এই তিনটি হলো: জেবি ইন্টারন্যাশনাল, জাকির হোসেন এবং এমএইচ বিল্ডার্স লিমিটেড। সবগুলোই জাবেদ জমা দেন। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা জেবি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করা হয়। যে তিনজন ঠিকাদার দরপত্র কিনেছিলেন, তাঁরা কেউ জমা দেননি। অভিযোগের ব্যাপারে ইউনুস গণি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ওই কাজের সমঝোতার সঙ্গে আমি সংশ্লিষ্ট নই। জাবেদ আমার মানুষ, এটা অস্বীকার করছি না। কিন্তু চলার জন্য কিছু কাজ নিজেরা না করলে কেমনে হবে? ’জানা যায়, দরপত্র বিক্রির শেষ দিনে বুধবার পূবালী ব্যাংক চউক শাখা থেকে পাঁচটি আবেদনপত্র বিক্রি হয়। এরপর ঠিকাদারেরা গিয়ে দেখেন কোনো ফরম নেই। বিষয়টি তাঁরা ব্যবস্থাপককে জানান। তখন ব্যবস্থাপক টেলিফোনে সংশ্লিষ্ট কাজের প্রকল্প পরিচালক ও চউকের নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে অতিরিক্ত তিনটি ফরম পাঠানো হয়। এরপর ওই তিনটি ফরম কিনে নেন তিনজন ঠিকাদার। তাঁরা হলেন: মো. জসিম উদ্দিন, টিটু ও মো. সোহেল। ঠিকাদারদের সমঝোতার প্রস্তাবের ব্যাপারে ইউনুস গণির ব্যক্তিগত ব্যবস্থাপক জাবেদ হোসেন বলেন, ‘সবাই তো কাজ করার জন্য দরপত্র কেনেন না। কেউ কেউ সমঝোতার জন্যও আসেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি।’ ঠিকাদারেরা জানান, ইউনুস গণি বাগড়া না দিলে ওই কাজে প্রাক্কলিত বাজেটের চেয়ে অন্তত ১০ থেকে ১৫ শতাংশ কমে দরপত্র জমা পড়ত। এতে সরকারি অর্থেরই সাশ্রয় হতো।প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো নিয়ন্ত্রণের সঙ্গে আমি সংশ্লিষ্ট নই। যদি কোনো অনিয়ম পাওয়া যায়, তবে তা পুনঃ দরপত্রের সুযোগ রয়েছে।’চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘এটা আমি জানি না। যদি সে রকম কিছু হয়ে থাকে, তা আমি মানব না। এখানে নিয়মের বাইরে কিছুই হবে না। প্রয়োজনে পুনঃ দরপত্র দেওয়া হবে।’