বেনারসিপল্লির ক্রিকেটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের খেলার মাঠ নেই। ছিল না অনুশীলনের পর্যাপ্ত সুযোগ-সুবিধাও। তার পরও মিরপুরের আনন্দধারা বেনারসি স্কুলের ছেলেরা স্কুল ক্রিকেটে ঢাকা মহানগর চ্যাম্পিয়নভোরের আলো ফুটতে না ফুটতেই ওদের কাজে বেরিয়ে পড়তে হয়। কেউ কাজ করে বেনারসিপল্লির দোকানে। কেউ শাড়ি তৈরির কারখানায়। কাজ বলতে শাড়িতে পুঁতি বসানো, রিলে সুতা পেঁচানো, কারচুপির কাজ। এসব করার পর স্কুলে গিয়ে পড়াশোনাও করতে হয়। পাশাপাশি ক্রিকেট খেলাও চলে। সবটাই গুরুত্বপূর্ণ। কোনোটা জীবিকার জন্য, কোনোটা নিজেকে বিকশিত করার জন্য, কোনোটি চিত্ত বিনোদনের চাহিদায়।মিরপুরের আনন্দধারা বেনারসি স্কুলের ছাত্র ওরা। আনন্দধারা স্কুলে পড়লেও তারা স্কুল ক্রিকেট খেলে ইনসিডিন বাংলাদেশ নামের একটি বেসরকারি সংস্থার ব্যানারে। এ নামেই দলটির নিবন্ধন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সুইডেনের সেভ দ্য চিলড্রেনের আর্থিক সহযোগিতায় চলা এই প্রতিষ্ঠানের ছেলেরাই এবারের স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল ক্রিকেটে ঢাকা মহানগর চ্যাম্পিয়ন।হুট করেই তাদের এ সাফল্য আসেনি। সাত বছর ধরে নিয়মিত অনুশীলনের ফল এটা। নিজেদের স্কুলে মাঠ না থাকায় সেটাও করতে হয়েছে যখন যে মাঠ ফাঁকা পাওয়া গেছে সেখানেই। কখনো মিরপুর সিটি ক্লাব মাঠে, কখনো ঈদগাহ মাঠে, আবার কখনো কালাপানি মুক্তিযোদ্ধা মাঠে। ক্রিকেট অনুশীলন বলতে যা বোঝায় সে সুবিধাও তারা পায় না। গ্রিপটা ঠিক করে দেবে এমন কোনো বিশেষজ্ঞ কোচ নেই। ভালো কোচ তো দূরের কথা, ক্রিকেট খেলার ভালো সরঞ্জামও নেই তাদের। কোনো রকমে জোগাড় করা ব্যাট, প্যাড, গ্লাভসগুলোও পুরোনো হয়ে গেছে।শাড়ি তৈরির কাজ, স্কুলের পড়া, আবার ক্রিকেট খেলা—সব সামলাতে সমস্যা হয় না? ষষ্ঠ শ্রেণীর ছাত্র সৌরভ জানায়, প্রতিটি কাজই তারা উপভোগ করে। শাড়ি তৈরির কাজ কম থাকলে সেটা বাসায় বসেই করে। কাজ বেশি হলে কারখানায় গিয়ে করতে হয়। সকালে কাজ শুরু হয়ে একটানা চলে ১০টা পর্যন্ত। স্কুল শুরু হয় ১২টায়।সৌরভের এই স্কুলে ভর্তি হওয়ার পেছনেও একটা গল্প আছে। তখন ও কোনো কাজকর্ম করত না। ঘুরে বেড়াত আর এলাকার আশপাশের মাঠে গিয়ে খেলত টেপ টেনিস ক্রিকেট। একদিন মিরপুর বেগুনটিলার মাঠে বোলিং করার সময় সে নজরে পড়ে ইনসিডিন বাংলাদেশ স্কুলের ক্রীড়া শিক্ষিকা মাহমুদা আক্তারের। সৌরভের খেলায় মুগ্ধ হন তিনি। এরপর তাকে নিয়ে আসেন স্কুলে। ভর্তি করে দেন। সেই থেকে সৌরভ ওই স্কুলের ছাত্র। স্কুলে ভর্তি হলেও ক্রিকেট ছাড়েনি সে। স্কুল ক্রিকেটে দলকে মহানগর চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তার অনেক অবদান। জোনাল ফাইনালের ম্যান অব দ্য ম্যাচও হয়েছে সে। সৌরভের মতো দলের বিলাস, ফয়সাল, খোরশেদ, রুবেলরাও বেনারসিপল্লির কোনো না-কোনো কারখানায় কারচুপি, পুঁতি বসানোর কাজ করে। তবে স্কুলের এই দলের অধিনায়ক খোরশেদ এসব কাজের পাশাপাশি ভিডিও সম্পাদনাও শিখছে। কতই বা বয়স হবে ওদের? বড়জোর তেরো-চৌদ্দ। এই বয়সেই লড়াইটা ভালোমতো রপ্ত করে ফেলেছে। কি মাঠে, কি মাঠের বাইরে। স্কুল ক্রিকেটে যেদিন মহানগর চ্যাম্পিয়ন হলো সেদিনও অনেক স্লেজিং করেছিল প্রতিপক্ষ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের ছেলেরা। ওপেনিং ব্যাটসম্যান ফারুক আউট হয়ে ফেরার সময় তার সামনে এসে কি বিচিত্র ভঙ্গিতে বাজে সব কথাবার্তা বলছিল প্রতিপক্ষের ফিল্ডাররা। পুরো ম্যাচেই ওদের মুখ ভেংচিয়েছে, স্লেজিং করেছে। সে নিয়ে দুঃখ নেই তাদের। ব্যাটে-বলেই তো জবাবটা দেওয়া হয়ে গেছে।মিরপুর স্টেডিয়ামে নেটে বোলিংয়ের আমন্ত্রণ পায় ওরা মাঝেমধ্যে। একবার তামিম ইকবালকে আউট করে দুই হাজার টাকা পেয়েছিল রুবেল। জাতীয় দলের ওপেনার তামিমের সঙ্গে বাজিতে জিতেই ওই টাকা পেয়েছিল। গত বিশ্বকাপে নেটে বল করার সময় রুবেল আউট করেছিল ক্রিস গেইল ও কাইরন পোলার্ডকেও। একদিন জাতীয় দলের জার্সি গায়েও খেলার সুযোগ হবে, এমন স্বপ্নও দেখে তারা। শাড়ি তৈরির কারিগর এই কিশোরেরা স্বপ্নের জাল বুনতেও ভালোবাসে। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে তো দোষ নেই! বদিউজ্জামান