বেনিনে আটকে পড়া ২৭ জনকে ফিরিয়ে আনা হচ্ছে
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের উপকূল থেকে বেশ খানিকটা দূরে আটকে পড়া ২৭ জন বাংলাদেশি নাবিককে আগামী দুই-তিন দিনের মধ্যে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। গ্রিসের একটি বেসরকারি জাহাজ কোম্পানিতে কর্মরত ভাগ্যবঞ্চিত এসব নাবিক প্রতারিত হয়ে দেড় মাস ধরে আটকে পড়ে আছেন বেনিনে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। তাঁদের ফিরিয়ে আনার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য এশিয়া ও আফ্রিকা অনু বিভাগের মহাপরিচালক মো. ওয়াহিদুর রহমান আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য এরই মধ্যে মরক্কোর বাংলাদেশ দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স লুত্ফর রহমানকে বেনিনে পাঠানো হয়েছে।গ্রিসের নাগরিকদের মালিকানাধীন আটটি জাহাজে যে ২৭ জন আটকা পড়েছেন, তাঁদের ১০ জনকে এরই মধ্যে বেনিনের রাজধানী পোর্তো নোভাতে আনা হয়েছে। অন্যদেরও শিগগিরই সেখানে আনার প্রক্রিয়া চলছে। আগামী তিন-চার দিনের মধ্যে সবাইকে দেশে আনার প্রস্তুতি চলছে। এঁদের মধ্যে কয়েকজনের ৮ মে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।ওয়াহিদুর রহমান জানান, নৌপরিবহন মন্ত্রণালয় তাঁদের দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করছে। আর ওই ২৭ জনের বেনিনে থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক খরচ বহন করছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।এ বছরের শুরুতে বেশ কয়েকজন নাবিক চট্টগ্রামের শিপিং এজেন্টের মাধ্যমে গ্রিসের গোল্ডেন শিপিং এসএ কোম্পানিতে যোগ দেন। তাঁদের মধ্যে আটটি জাহাজে কর্মরত ৩১ জন নাবিক যান বেনিনে। কিন্তু পশ্চিম আফ্রিকার দেশটিতে গিয়ে তাঁরা আটকে পড়েন। প্রয়োজনীয় খাবার, পানি, জ্বালানিসহ জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাঁরা চরম ঝুঁকির মুখে পড়েন। এমন পরিস্থিতিতে তাঁরা জরুরি ভিত্তিতে বকেয়া বেতন, খাবার ও দেশে ফেরার টিকিট চান তাঁদের প্রতিষ্ঠানের কাছে। তাতে সাড়া দেয়নি গ্রিসের বেসরকারি মালিকানাধীন ওই প্রতিষ্ঠানটি। ফলে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে এসে দাঁড়ান এই নাবিকেরা। অবশ্য তাঁদের মধ্যে চারজন বিভিন্নভাবে দেশে ফিরেছেন। তাঁদেরই একজন মেরিন ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম গত ২১ এপ্রিল ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।