বেপজা দুর্নীতি মামলা থেকে হাসিনার রেহাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) পরামর্শক নিয়োগসংক্রান্ত দুর্নীতি মামলা অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার সব কার্যক্রমও বাতিল করা হয়েছে। মামলা বাতিলের জন্য শেখ হাসিনার করা আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবুবকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় দেন। শেখ হাসিনার পক্ষে আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, শেখ ফজলে নূর তাপস এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সৈয়দ মিজানুর রহমান শুনানিতে অংশ নেন।জানা যায়, বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০১ সালের ১১ ডিসেম্বর তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করে। ২০০২ সালের ১৮ জুন অভিযোগপত্র দেওয়া হয়। এতে দুই কোটি ১০ লাখ টাকা রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। শেখ হাসিনা হাইকোর্টে মামলাটি বাতিলের আবেদন করলে ২০০২ সালের ১৪ ডিসেম্বর আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি আদালত মামলাটি কেন বাতিল ও অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেন। এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ রায় দেন। এ নিয়ে তিন মাসের ব্যবধানে শেখ হাসিনার বিরুদ্ধে করা নয়টি মামলা বাতিল ও অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত।