বেপরোয়া বাস মেয়ের সামনে পিষে দিল মাকে
মোহাম্মদপুর থানায় দায়িত্বরত কর্মকর্তার কক্ষের চেয়ারে মুখ গুঁজে বসে আছে উদয়ন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী নেহা। কারও সঙ্গে কোনো কথা বলছে না। তার চোখের সামনেই বাসটি মা মাসুদা বেগমকে (৩০) পিষে মেরেছে। মায়ের বীভৎস মৃত্যু দেখে মুষড়ে পড়েছে নেহা। পুলিশ জানায়, বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আসাদগেটে নিহত হন নেহার মা মাসুদা। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক মাসুদার বান্ধবীর স্বামী মোফাজ্জল হোসেনও আহত হয়েছেন। নেহাসহ তাঁরা তিনজন এক মোটরসাইকেলে পলাশী থেকে খিলক্ষেতে যাচ্ছিলেন।হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর পলাশী এলাকায় স্বামী শামসুজ্জামানসহ থাকতেন মাসুদা। গতকাল বিকেলে বান্ধবীর স্বামী মোফাজ্জলের সঙ্গে তাঁদের বাসা খিলক্ষেতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি আসাদগেটে আসার পর পেছন থেকে দ্রুতগামী একটি বাস তাঁদের ধাক্কা দিলে তিনজনই ছিটকে পড়েন। এ সময় মাসুদা বাসের চাকার নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে বাসটিকে আটক করার চেষ্টা চলছে।ঝুলন্ত লাশ উদ্ধার: গতকাল সকালে মহাখালীর সাততলা বস্তি থেকে মিঠু রহমান (৩০) নামের এক গাড়িচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত বুধবার স্ত্রীর সঙ্গে ঝগড়া ও স্ত্রীকে মারধর করেন মিঠু। এতে একমাত্র মেয়ে দুই বছরের নওশীনকে নিয়ে স্ত্রী বাবার বাড়ি গাজীপুরে চলে যান। রাতে মিঠু একাই বাসায় ছিলেন। পরে প্রতিবেশীরা তাঁকে ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।