বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
কলেজের ক্লাস শেষ করে অন্য দিনের মতো বাসায় ফিরছিল সাইফুর রহমান (১৭)। কিন্তু গতকাল শনিবার তার আর বাসায় ফেরা হলো না। রাজধানীর সচিবালয় এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় করুণ মৃত্যু হয়েছে তার। সাইফুর ঢাকা ইম্পিরিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দবিরুদ্দিন জানান, সাইফুর গতকাল কলেজের ক্লাস শেষে বাসায় ফিরছিল। দুপুর একটার দিকে সচিবালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় বেলাল পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথা ও বুকে গুরুতর আঘাত পায় সে। পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসের চালক পালিয়ে গেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় ভাই ও এক বোনের মধ্যে সাইফুর সবার ছোট। তার তিন ভাই প্রবাসী। অন্য তিন ভাই থাকেন কদমতলী থানার রায়েরবাগের মেরাজনগরে। সাইফুরের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা থানার নাওডুবা গ্রামে। বাবা আক্কেল আলী শেখ ও মা সুফিয়া খাতুন গ্রামের বাড়িতে থাকেন। মাঝেমধ্যে তাঁরা তিন ছেলেকে দেখতে ঢাকায় আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে দেখা যায়, সাইফুরের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে বেঞ্চের ওপর। তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বাবা, ভাইবোন, কলেজের শিক্ষক, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ অনেকে। ‘সাইফুর, বাবা তুই ক্যান চইলা গেলি’ বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন আক্কেল আলী। অন্যদিকে মা সুফিয়া ছেলের মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শয্যাশায়ী।সাইফুরের বড় ভাই সিরাজুল হক চিৎকার করে কাঁদছেন। মর্গে পরিচিত-অপরিচিত সবার চোখে অশ্রু। তিনি যাকে সামনেই পাচ্ছেন, তাকেই জড়িয়ে ধরছেন। আর্তনাদ করে বলছেন, ‘আমার ভাই কই?’ প্রতিবেদককে জড়িয়ে ধরে তিনি বলেন, ‘ভাই, আমার ভাই অনেক উচ্চাকাঙ্ক্ষী ছিল। তাকে কখনো কোনো কাজের জন্য ডাক দিতে হয়নি। এ বয়সেও সে ছিল অনেক সংযত, মিষ্টভাষী ও জীবনসচেতন। আমাদের গর্ব হারিয়ে গেল, ভাই।’মর্গে আসা সাইফুরের শিক্ষক মাহফুজুল হক অশ্রুভেজা চোখে বলেন, ‘আমাদের ক্লাস ছুটি হয়েছে পৌনে ১২টায়। খুব সম্ভবত সাইফুর বাসযোগে বাসায় যেতে প্রেসক্লাবের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। খুব পড়ুয়া ছাত্র ছিল সে। কোনো দিন ক্লাস মিস করেনি।’ তিনি বলেন, ‘আমরা কলেজের পক্ষ থেকে দুর্ঘটনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমরা দায়ী বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ সাইফুরের গাইড শিক্ষক ইম্পিরিয়াল কলেজের ইমদাদুল হক বলেন, ‘সাইফুর শনির আখড়ার বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এ কলেজে ভর্তি হয়। আমার গাইডে ৪৫ জন ছাত্রের মধ্যে সাইফুর ছিল অন্য রকম। লেখাপড়ায় কোনো সমস্যা হলে ফোনে পরামর্শ নিত। তার বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে ছুটি লাগতে পারে বলে শনিবারই আমাকে জানায়। আগামী মাসের ২ তারিখ কলেজের মাসিক পরীক্ষা। ভাবতেই কষ্ট হচ্ছে, আমার একজন নিয়মিত ছাত্রের আসন সেদিন খালি থাকবে।’কিছুক্ষণ পর সাইফুরের চাচা আবদুল খালেক নিয়ে আসেন সাইফুরের ধুলোমাখা কলেজব্যাগটি। কালো ও কমলা রঙের ব্যাগটিতে ব্যক্তিগত কাগজপত্র ছাড়াও ছিল কলেজের ইউনিফর্ম ও দুটি খাতা। চোখ মুছতে মুছতে সেগুলো দেখিয়ে বলছিলেন তিনি, ‘আর কখনো এগুলো সাইফুরের লাগবে না।’ সন্ধ্যায় সাইফুরের ময়নাতদন্ত শেষ হয়। পিকআপ ভ্যানে করে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।