বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ডি নিরো
মার্কিন ‘ফার্স্ট লেডি’ নিয়ে বেফাঁস মন্তব্যের পর ক্ষমা চাইলেন ‘দ্য গডফাদার’খ্যাত হলিউডের প্রখ্যাত অভিনেতা রবার্ট ডি নিরো।সম্প্রতি ডেমোক্রেটিক দলের একজন তহবিল সংগ্রাহককে মজা করে ডি নিরো বলেছিলেন, সম্ভবত ‘হোয়াইট ফার্স্ট লেডি’ পাওয়ার জন্য প্রস্তুত নয় মার্কিন যুক্তরাষ্ট্র। বারাক ওবামার তিন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের নিউট গিংরিচ, রিক স্যানটোরাম ও মিট রমনির স্ত্রীদের উদ্দেশে ডি নিরো মন্তব্য করেন, ‘ক্যালিস্টা গিংরিচ, কারেন স্যানটোরাম ও অ্যান রমনি, আপনারা কি সত্যিই মনে করেন, আমাদের দেশ হোয়াইট ফার্স্ট লেডি পাওয়ার জন্য প্রস্তুত?’নিউট গিংরিচ রবার্ট ডি নিরোর এ মন্তব্যকে ক্ষমার অযোগ্য ও রূঢ় হিসেবে আখ্যা দিয়েছেন। মিশেল ওবামার অফিস থেকে ডি নিরোর এমন বেফাঁস মন্তব্যকে ‘নেতিবাচক’ হিসেবে অভিহিত করা হয়েছে। অবশ্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন ৬৮ বছর বয়সী ডি নিরো।এ প্রসঙ্গে ডি নিরোর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘আসলে স্রেফ মজা করার জন্যই এমনটা বলেছি। কাউকে আঘাত করার উদ্দেশ্য আমার ছিল না। ফার্স্ট লেডিকে হেয়প্রতিপন্ন করার কোনো অভিপ্রায়ও আমার ছিল না। এ ধরনের মন্তব্য করার জন্য আমি দুঃখিত।’