বেবীয়ার বিলাপ শুনুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি একজন মা। নামটা বড় আদুরে—বেবীয়া। সব মায়ের মতো সন্তানের জন্য তাঁরও আছে বুকভরা ভালোবাসা। কিন্তু সন্তানের মুখটি শেষবারের মতো দেখতে তিনি সময় পেয়েছিলেন মাত্র এক ঘণ্টা। তখনই তিনি জীবনের সবচেয়ে কঠিন প্রতিজ্ঞাটি করেছেন। ‘তোমরা আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমি নেশা বিক্রি ছেড়ে দেব।’সৈয়দপুর শহরের সাহেবপাড়া মহল্লার এই মা চার বছর ধরে তাঁর মতো অনেক মায়ের আদরের সন্তানদের হাতে মাদক তুলে দিয়েছেন। মাদকে আসক্ত হয়েছিল তাঁর নিজের ছেলেও। এই মাদকই বছর কয়েক আগে কেড়ে নিয়েছে বেবীয়ার (৪৫) স্বামী মতিয়ার রহমানকে।বেবীয়ার একমাত্র ছেলে সোনু (২৫) মাদকসেবী। গত ১৫ ডিসেম্বর পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে। অবস্থার অবনতি হলে সপ্তাহখানেক আগে সৈয়দপুর ৫০ শয্যার হাসপাতালে আনা হয় তাঁকে। চিকিত্সাধীন অবস্থায় মারা যান গত শুক্রবার। মাদক ব্যবসায়ী মা তখন জেলহাজতে। গত ১৪ ডিসেম্বর একটি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল।শুক্রবারই এলাকার কাউন্সিলর সোনুর লাশ নিয়ে আসেন বেবীয়ার বাড়িতে। সৈয়দপুর শহরের রেলওয়ে কারখানা গেট বাজারসংলগ্ন সাহেবপাড়াতে এই বাড়িকে ঘিরেই বেবীয়ার মাদকের আখড়া।হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সোনুর অ্যাজমা সমস্যাও ছিল। প্রচণ্ড শ্বাসকষ্টে মারা গেছেন তিনি।সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরকার কবির উদ্দিন ইউনুস জানান, এলাকায় মাদক ব্যবসা ঠিক রাখতে উঠতি যুবকদের নিয়ে বেবীয়া সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। যারা বেবীয়ার মাদক ব্যবসায় বাধা দিয়েছে, তাদের নাজেহাল করত ওই সন্ত্রাসীরা।মজার ব্যাপার হলো, এই কাউন্সিলরই এক ঘণ্টার জন্য বেবীয়ার পেরোলে মুক্তির ব্যবস্থা করেছেন। কাউন্সিলর প্রথম আলোকে বলেন, ‘বেবীয়ার ভাগ্নে আমার সঙ্গে সাক্ষাত্ করেছেন। আমি তাঁকে পরামর্শ দিয়েছি আদালতে প্যারোলে মুক্তির আবেদন জানাতে। তিনি আবেদন করেন এবং আদালত বেবীয়াকে এক ঘণ্টার জন্য মুক্তি দেন।’সরকার কবির উদ্দিন ইউনুস জানান, বেবীয়া ওই এলাকায় চার বছর ধরে মাদকের ব্যবসা চালাচ্ছেন। এর আগে তাঁর স্বামী এই ব্যবসা করতেন। তিনিও মাদকাসক্ত ছিলেন। চার বছর আগে তাঁর মৃত্যু হলেও বেবীয়া ব্যবসা চালিয়ে যান। বেবীয়ার একটি মেয়ে আছে। স্বামীর বাড়ি থাকেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর সার্কেলের পরিদর্শক শফিকুল ইসলামের দাবি, বেবীয়ার বিরুদ্ধে মামলা থাকলেও প্রভাবশালী হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছিল না।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, একটি মাদকের মামলায় বেবীয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। জেলহাজতে বেবীয়াকে তাঁর ছেলের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। গতকাল দুপুরের পরে সন্তানের লাশ দেখানোর জন্য এক ঘণ্টার প্যারোলে মুক্ত করা হয় তাঁকে।বেলা দুইটার দিকে বেবীয়াকে পুলিশ তাঁর বাড়িতে নিয়ে আসে। ছেলের লাশের ওপর পড়ে বিলাপ শুরু করেন—‘নেশা হামারা আওলাদকো ছিন লিয়া। ম্যায় ক্যায়া কারু! তুমলোগ মেরা আওলাদকো লউটাদো। ম্যায় নেশা বেচনা ছোড় দুঙ্গা।’ অর্থাত্ ‘নেশা আমার সন্তানকে কেড়ে নিয়েছে। আমি এখন কী করব! তোমরা আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমি নেশা বিক্রি ছেড়ে দেব।’শহরের হাতিখানা কবরস্থানে সোনুর দাফন হয় গতকাল সন্ধ্যায়। তার আগেই মা বেবীয়াকে নিয়ে পুলিশের গাড়ি কারাগারে রওনা হয়।স্বামী-সন্তান হারিয়ে বেবীয়ার সামনে এখন আছে মাদক আর তাঁর প্রতিজ্ঞা। জীবন বেবীয়াকে কোথায় নিয়ে দাঁড় করায়—জানার জন্য অপেক্ষা করতে হবে তাঁর কারামুক্তি পর্যন্ত।