বেরলুসকোনিকে যৌনকর্মী দিয়ে ফাঁসলেন আটজন
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিকে যৌনকর্মী সরবরাহ করে ফেঁসে গেছেন আটজন। দেশটির দক্ষিণাঞ্চলের শহর বারিতে বেরলুসকোনির বন্ধু ও সহযোগীদের বিষয়ে তদন্ত করে আটজনের বিরুদ্ধে এ কাজে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। তদন্তে বেরিয়ে এসেছে, এই আটজন শুধু প্রধানমন্ত্রী বেরলুসকোনির জন্যই নয়, তাঁর ব্যবসায়িক সহযোগীদের জন্যও নারী সরবরাহ করতেন। চাকরি, সুযোগ-সুবিধা কিংবা একটু সুনজর পাওয়ার আশায় তাঁরা এমনটা করেছেন।তবে সংশ্লিষ্টতার প্রমাণ না মেলায় প্রধানমন্ত্রী বেরলুসকোনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। প্রধানমন্ত্রীর আইনজীবীদের ভাষ্য, অভিযুক্ত আট ব্যক্তির এমন কর্মকাণ্ড সম্পর্কে জানতেন না প্রধানমন্ত্রী বেরলুসকোনি।বাড়িতে যৌন ব্যবসা নিয়ন্ত্রণ করেন স্থানীয় ব্যবসায়ী গিয়ামপাওলো তারানতিনি। সেখানেই তদন্ত করা হয়। তারানতিনি প্রধানমন্ত্রী বেরলুসকোনির যৌন কেলেঙ্কারি তদন্তে বাড়িতে আসা তদন্ত দলের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়ার বিনিময়ে আট লাখ ইউরো চাঁদা দাবি করেছিলেন। এই অভিযোগে করা মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন। তারানতিনির বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী বেরলুসকোনির বাড়ির বিভিন্ন পার্টির জন্য তিনি তরুণী সরবরাহ করতেন। একই অভিযোগে অভিযুক্ত হচ্ছেন ‘দ্য কুইন বি’ খ্যাত জার্মান অভিনেত্রী সাবিনা বেগানও। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ইতালিতে ১৮ বছরের বেশি বয়সীরা যৌনকর্মী হিসেবে কাজ করতে পারেন। তবে বেরলুসকোনির বিরুদ্ধে অভিযোগ, তিনি মিলানে ১৭ বছর বয়সী এক নাইট ক্লাব ড্যান্সারের সঙ্গে অর্থের বিনিময়ে যৌন-সেবা নেওয়ার চেষ্টা করেছিলেন। এ ছাড়া চাকরির প্রলোভন দেখিয়ে যৌনকর্মীর কাজ করানো এবং ২০০৮ ও ২০০৯ সালে তাঁর সার্দিনিয়া ও রোমের বাড়ির পার্টিতে শোভাবর্ধনকারী হিসেবে উপস্থাপন করে যৌনবৃত্তির নিয়ম তিনি লঙ্ঘন করেছেন। তবে প্রধানমন্ত্রীর দুই আইনজীবী নিকোলো ঘেদিনি ও পিয়েরো লনগো এ ধরনের অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছেন, ওই সব অনুষ্ঠান ছিল ডিনার পার্টি। বন্ধুদের একত্র হওয়া ছাড়া সেখানে আর কিছুই হতো না।