বেরলুসকোনির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির একটি আদালত আজ বৃহস্পতিবার গোপন ফোনালাপের বিষয় ফাঁস করার দায়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। রয়টার্স জানায়, ২০০৫ সালে বেরলুসকোনির বিরুদ্ধে ব্যাংক কেলেঙ্কারির মামলা চলার সময় তিনি একটি গোপন ফোনালাপের বিষয় জনসম্মুখে প্রকাশ করে দেন।আদালতে উপস্থিত ব্যক্তিদের সামনে বিচারক মামলার রায় পড়ে শোনান। বেরলুসকোনিকে এমন সময় কারাদণ্ড দেওয়া হলো যখন তাঁর বিরুদ্ধে কর ফাঁকি ও যৌনকর্মীদের অর্থ দেওয়ার অভিযোগে দুটি মামলা চলছে। মিডিয়া-সম্রাট বেরলুসকোনি অবশ্য তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগও আছে তাঁর।ইতালির আইনানুসারে, সব ধরনের আপিলের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেরলুসকোনিকে সাজা ভোগ করতে হবে না। এর আগে গত বছরের অক্টোবরে কর ফাঁকির মামলায় বেরলুসকোনিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। টেলিভিশনের জন্য মার্কিন চলচ্চিত্র কেনার একটি মামলায় বেরলুসকোনিকে এ সাজা দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল, বেরলুসকোনির প্রতিষ্ঠানের নামে বেশি দামে চলচ্চিত্র কেনা হয়েছিল। তবে মামলার রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। বেরলুসকোনির ব্যবসা নিয়ে তাঁর বিরুদ্ধে অনেকগুলো মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন।