বেরলুসকোনির ৬ বছর কারাদণ্ড দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন অপরাধ ও ক্ষমতার অপব্যবহারের মামলায় ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির ছয় বছরের কারাদণ্ডাদেশ দাবি করেছেন আইনজীবীরা। একই সঙ্গে তাঁকে রাজনীতিতে আজীবন নিষিদ্ধ করার দাবি জানানো হয়।বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার মিলানের একটি আদালতে এ-সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়। এ সময় সরকারি আইনজীবীরা বেরলুসকোনির ছয় বছরের কারাদণ্ডাদেশ ও তাঁকে রাজনীতিতে আজীবন নিষিদ্ধের দাবি জানান। অভিযোগে বলা হয়, ২০১০ সালে নিজ বাসভবনে যৌনকর্মের বিনিময়ে ১৭ বছর বয়সী এক মরক্কোর নারীকে অর্থ দিয়েছেন বেরলুসকোনি। এ ছাড়া ক্ষমতার অপব্যবহারও করেছেন তিনি।আইনজীবীরা দাবি করেছেন, বেরলুসকোনি তাঁর ব্যক্তিগত বাসভবনে ওই নারীকে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। পার্টি শেষে যৌনকর্মের বিনিময়ে ওই নারীকে অর্থ দিয়েছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। বেরলুসকোনি ও সংশ্লিষ্ট নারী তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। ওই নারী দাবি করেছেন, পার্টি শেষে উপহার হিসেবে তাঁকে সাত হাজার ইউরো দেওয়া হয়েছে।শুনানিতে আইনজীবীরা দাবি করেছেন, মরক্কোর ওই নারী মিথ্যা বলছেন। ২০১০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তাঁকে ৪ দশমিক ৫ মিলিয়ন ইউরো দিয়েছেন বেরলুসকোনি।এ ছাড়া পরে একটি চুরির মামলায় ওই নারী গ্রেপ্তার হলে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে ফোন দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে বেরলুসকোনির বিরুদ্ধে অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।ইতিমধ্যে বেশ কয়েকটি মামলায় জড়িয়ে পড়েছেন বেরলুসকোনি। ২০১২ সালের অক্টোবরে কর ফাঁকির একটি মামলায় তাঁকে চার বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এই দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁর করা আপিল গত সপ্তাহে নাকচ করেছেন দেশটির একটি আদালত।