বেরোতে দেয়নি পুলিশ, ৭০ কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনূস আহম্মাদ বলেছেন, হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টাকালে আজ রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাঁদের দলের ৭০ কর্মীকে আটক করা হয়েছে। রাজধানীর জুরাইন, বাড্ডা, রামপুরা, উত্তরা ও মোহাম্মদপুর থেকে তাঁদের আটক করা হয়। হরতালের সমর্থনে মিছিল করার কোনো সুযোগই পুলিশ তাঁদের দেয়নি। দলের পুরানা পল্টনের কার্যালয়ের চারপাশ পুলিশ ঘিরে রাখে। নেতা-কর্মীদের বের হতে বা ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। দুপুর ১২টায় হরতাল কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ইউনূস আহম্মাদ এসব কথা বলেন।মহাসচিব আরও বলেন, আগামী ১০ জুলাইয়ের হরতাল কর্মসূচিকে সামনে রেখে ৬ ও ৯ জুলাই ঢাকায় বিক্ষোভ সমাবেশ করা হবে। এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৪ ও ৫ জুলাই থানায় থানায় এবং ৭ ও ৮ জুলাই জেলা শহরে বিক্ষোভ করা হবে। এর আগে সকাল ১০টার দিকে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন অভিযোগ করেছিলেন, গতকাল শনিবার বিকেল চারটা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনের কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেখানে কাউকে ঢুকতে বা সেখান থেকে কাউকে বের হতে দেওয়া হয়নি। আজ সকালে কার্যালয়ের ভেতরে থাকা নেতা-কর্মীরা মূল ফটকের কাছে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তবে তাঁরা বের হতে পারেননি। এদিকে গতকাল রাজধানীর মিরপুর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আটক আটজনের মধ্যে সাতজনকে ভ্রাম্যমাণ আদালত দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন। দলের মহাসচিব ইউনূস আহম্মাদ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ রাজধানী ঢাকায় পূর্ণদিবস হরতাল পালনের কর্মসূচি দেয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা প্রতিস্থাপন, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা উঠিয়ে দেওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদে এ হরতাল কর্মসূচি দেয় দলটি। তবে আজ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উত্সব রথযাত্রার কারণে দলটি পূর্ণ দিবসের পরিবর্তে অর্ধদিবস হরতাল দেয়।