বেলকুচিতে শিশুকে ধর্ষণচেষ্টার পর জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক নাবালিকাকে ধর্ষণচেষ্টার পর জবাই করে হত্যা করা হয়েছে। নিহত লিজা খাতুন (৬) চক মকিমপুর গ্রামের মালয়েশিয়া-প্রবাসী মো. বাবলু প্রামাণিকের মেয়ে। গতকাল বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। থানার পুলিশ ও নিহতের আত্মীয়স্বজন সূত্রে থেকে জানা গেছে, প্রবাসী বাবলু মিয়ার স্ত্রী শাহানা বেগম তিন কন্যাসন্তান নিয়ে চক মকিমপুরের নিজ বাড়িতে বসবাস করে আসছেন। তাঁর স্বামী আট বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে ছোট মেয়ে লিজা খাতুন বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ভোররাতে এলাকাবাসী লিজার বাড়ির উত্তর দিকে পরিত্যক্ত তাঁত কারখানার মধ্যে তার লাশ জবাই করা অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে। এ বিষয়ে এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, সন্ধ্যার পর লিজা নিখোঁজ হওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের চেষ্টা করার সময় চিনে ফেললে অতঃপর জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে নিহতের সম্পর্কীয় দাদা দেলবার হোসেন প্রামাণিক (৪৮) ও লিখন আহমদকে (১৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা শাহানা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।