বেলগ্রেড আলোচনা: তৈরি হলো সার্বিয়া-ক্রোয়েশিয়া সুসম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস টাডিক গতকাল রোববার ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ইভো জোসিপভিকের বেলগ্রেড সফরে আনন্দ প্রকাশ করেছেন। বরিস টাডিক বলেন, এটি একটি ‘ঐতিহাসিক’ সফর।দুজনের আলোচনা শেষে টাডিক বলেন, সার্বিয়া তার প্রতিবেশী ও সাবেক শত্রুর সঙ্গে যথাসম্ভব ভালো সম্পর্ক স্থাপন করতে চায়। জোসিপভিক বলেন, উভয় দেশই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চায় এবং তাঁরা অতীতের সমস্যাগুলোর সমাধানের পথও দেখতে পাচ্ছেন।নব্বইয়ের দশকের যুদ্ধের পর থেকে সাবেক যুগোস্লাভ রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।উভয় নেতাই পারস্পরিক সহায়তা ও আলোচনার ওপর জোর দিয়ে বলেন, এ দুটি এখন তাঁদের সম্পর্কের ভিত্তি। তাঁরা শরণার্থীদের ফিরিয়ে আনার মতো দুই দেশের মধ্যে বিদ্যমান অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের অঙ্গীকারও করেন। যুদ্ধ চলাকালে গণহত্যার অভিযোগে দুটি দেশই পরস্পরের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছিল। কিন্তু টাডিক ও জোসিপভিক গতকাল বলেন, তাঁরা এখন মনে করছেন আদালতের বাইরেই এই বিবাদের নিষ্পত্তি করা সম্ভব।টাডিক ও জোসিপভিক আরেকটি লক্ষ্যের ব্যাপারে একমত: ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়া, যা তাঁরা মনে করেন, একমাত্র আঞ্চলিক সহায়তার মাধ্যমেই সম্ভব।—বিবিসি অনলাইন