বেলজিয়ামে মসজিদে অগ্নিসংযোগ, ইমামের মৃত্যু (ভিডিও)
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের অ্যান্ডারলেক্ট উপশহরে একটি শিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় ইমামের মৃত্যু হয়েছে। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।খবরে বলা হয়, অ্যান্ডারলেক্ট শহরের মেয়র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সন্দেহভাজন এক ব্যক্তি গতকাল সোমবার সন্ধ্যায় ওই মসজিদে একটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মসজিদের ইমামের (৪৭) মৃত্যু হয়। এতে এক ব্যক্তি আহত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশের এক মুখপাত্র ম্যারি ভারবিকি একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেন, ওই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
এ ঘটনার এক প্রত্যক্ষদর্শী আজ্জেদিন লাঘমিশ বলেন, তিনি ব্যাগ হাতে এক ব্যক্তিকে মসজিদে ঢুকতে দেখেছেন। ওই ব্যক্তির ব্যাগে থাকা এক কনটেইনার পেট্রল মসজিদের মাঝখানে ছুড়ে দিলে তত্ক্ষণাত্ আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জলি মিলকুইট দুঃখ প্রকাশ করেছেন।