বেলহাসা একমে তিন সরকারি ব্যাংক ও আইসিবির ৬০০ কোটি টাকা বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ী-গুলিস্তান উড়াল সেতুর বিনিয়োগকারী বেসরকারি প্রতিষ্ঠান বেলহাসা একম অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেডে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি আর্থিক প্রতিষ্ঠান।বিনিয়োগের এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে তিন বছর পরে বেলহাসা একমের ৬৭ শতাংশ মালিকানা চলে যাবে এসব আর্থিক প্রতিষ্ঠানের হাতে। এর আগে তিন বছরে মোট বিনিয়োগের ওপর ১০ শতাংশ হারে লভ্যাংশ দেওয়া হবে।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সোনালী ব্যাংক বিনিয়োগ করবে ২০০ কোটি, জনতা ২০০ কোটি, অগ্রণী ১৫০ কোটি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৫০ কোটি টাকা। ঋণ দেওয়ার পরিবর্তে বিনিয়োগ করে মালিকানা অর্জনের ঘটনা বাংলাদেশে হবে এটাই প্রথম। ইতিমধ্যে এই প্রস্তাবে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ। আইসিবি প্রস্তাব পেলেও পরিচালনা পর্ষদ এখনো বিষয়টি অনুমোদন করেনি। তবে তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মতো আইসিবিও প্রাথমিকভাবে বিষয়টি নীতিগতভাবে অনুমোদন করবে বলে সংস্থা থেকে নিশ্চিত হওয়া গেছে।অবশ্য সবগুলো প্রতিষ্ঠানের চূড়ান্তভাবে বিনিয়োগ নির্ভর করছে এর বিভিন্ন আইনগত জটিলতার নিষ্পত্তি, সংশ্লিষ্ট সরকারি সব সংস্থার অনাপত্তি এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নিজস্ব বিনিয়োগসহ অনেকগুলো শর্তের ওপর।এ ব্যাপারে জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত প্রথম আলোকে বলেন, বিষয়টি রাজধানী ঢাকার যোগাযোগ ও পরিবহনসংকটের সঙ্গে যুক্ত, তাই নীতিগতভাবে বিষয়টিকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত বিনিয়োগ অনেকগুলো শর্তের ওপর নির্ভর করছে। যেমন ঠিকাদারি প্রতিষ্ঠানের কারিগরি যোগ্যতা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব বিনিয়োগ, সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার অনাপত্তি ইত্যাদি। জানা গেছে, গত ৮ ডিসেম্বর বেলহাসা একম তাদের বর্তমান পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৭০০ কোটি টাকা করার আবেদন করে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, উড়াল সেতু নির্মাণের মূলধন জোগাড়ের জন্য কোম্পানি নতুন করে ১০ টাকা অভিহিত মূল্যের ছয় কোটি নতুন অগ্রাধিকার শেয়ার (প্রেফারেন্স শেয়ার) ইস্যু করবে। এর মূল্য ৬০০ কোটি টাকা। এসইসি নানা দিক মূল্যায়নের পর গত ২৯ ডিসেম্বর বেলাহাসা একমের প্রস্তাব অনুমোদন করেছে।এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বিষয়টি স্বীকার করে বলেন, বেলহাসা থেকে পরিশোধিত মূলধন বাড়ানোর একটি প্রস্তাব এসেছিল। নানা দিক বিবেচনা করে শর্ত সাপেক্ষে বিষয়টি অনুমোদন করা হয়েছে।রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সূত্রে জানা গেছে, বেলহাসা একম অগ্রাধিকার শেয়ার দেওয়ার প্রস্তাব দিয়ে মোট ৬০০ কোটি টাকার বিনিয়োগ চেয়েছিল। বিনিময়ে আগামী তিন বছর প্রতিষ্ঠানগুলো তাদের শেয়ারের বিপরীতে ১০ শতাংশ হারে লভ্যাংশ পাবে। এই লভ্যাংশ তিন বছর পরে দেওয়া হবে। তিন বছর পরে অগ্রাধিকার শেয়ারগুলো সাধারণ শেয়ারে পরিণত হবে এবং এই সময়ে বর্তমান পরিশোধিত মূলধনকেও ৭০০ কোটি থেকে ৯০০ কোটি টাকায় উন্নীত করা হবে, যার ৬৭ শতাংশের নিয়ন্ত্রণ থাকবে রাষ্ট্রীয় মালিকানাধীন এই চারটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হাতে। ভবিষ্যতে বেলহাসা একমের পরিচালনা পর্ষদের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে একটি সার্বিকভাবে যোগ্য অবকাঠামো কোম্পানি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কোম্পানিটি তখন দেশের চাহিদা অনুযায়ী বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করবে।উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে বেলহাসা একমের ৯৩ শতাংশের মালিক ওরিয়ন গ্রুপের স্বত্বাধিকারী ওবায়দুল করিম ও তাঁর পরিবারের সদস্যরা। বাকি সাত শতাংশ আছে দুবাইভিত্তিক মূল ঠিকাদারি প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকটিং কোম্পানি এলএলসির হাতে।অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবু নাসের বখতিয়ার প্রথম আলোকে বলেন, এই প্রকল্পে অগ্রণী ব্যাংক কোনো ঋণ দিচ্ছে না। প্রকল্পটি জনস্বার্থসংশ্লিষ্ট এবং ভবিষ্যত্ উজ্জ্বল থাকায় এর মালিকানার হিস্যা নেওয়া হচ্ছে বিনিয়োগের বিনিময়ে। আর এটিও এককভাবে হচ্ছে না। সোনালী, অগ্রণী, জনতা ও আইসিবি যৌথভাবে এই বিনিয়োগের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে।সৈয়দ আবু নাসের বলেন, ব্যাংকের সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নীতিগত অনুমোদন পেয়েছে। তবে চূড়ান্ত বিনিয়োগ অনেকগুলো শর্তের ওপর নির্ভর করছে।ওরিয়েন্টাল ব্যাংক কেলেঙ্কারি এবং বিএনপি সরকারের সঙ্গে ঘনিষ্ঠতাসহ নানা ঘটনায় সংশ্লিষ্টতার জন্য আলোচিত ব্যবসায়ী ওবায়দুল করিমের কোম্পানিতে এত বড় বিনিয়োগ ঝুঁকিকপূর্ণ কি না—এ প্রশ্নের জবাবে সৈয়দ আবু নাসের বলেন, বিনিয়োগের আগে প্রতিষ্ঠানটির ঋণের মান (ক্রেডিট রেটিং) নির্ণয় করা হবে। তাতে উদ্যোক্তার নানা দিক চলে আসবে। এই প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে।তবে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো অতীত রুগ্ণ অবস্থা থেকে ক্রমেই বেরিয়ে আসছে, তাই যেকোনো ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে সুরক্ষানীতিটি স্বচ্ছ ও সুনির্দিষ্ট হওয়া উচিত। বিশেষ করে বেলহাসা একমের মতো আলোচিত প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা উচিত।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন বিভাগের অধ্যাপক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ খান বলেন, যাত্রাবাড়ী-গুলিস্তান প্রকল্পটির সঙ্গে আগামী কয়েক দশক জনগণের স্বার্থ জড়িয়ে আছে। অথচ শুরু থেকেই প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান বেলহাসা একমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। কোম্পানির চেয়ারম্যান ওবায়দুল করিমের নিষ্ঠা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন আছে। এ অবস্থায় রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি প্রতিষ্ঠানের ৬০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবে যথেষ্ট সুরক্ষা ধারা থাকতে হবে, যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে ব্যাংক তার বিনিয়োগকে তুলে আনতে পারে। তিনি আরও বলেন, বিনিয়োগের প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদনের আগে শর্তগুলো স্বচ্ছ ও সুনির্দিষ্ট হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও ব্যাংক ক্ষতিগ্রস্ত না হয়।এদিকে ঢাকা সিটি করপোরেশনে খোঁজ নিয়ে জানা গেছে, উড়াল সেতু প্রকল্পটি বাস্তবায়নে যেসব আইনগত জটিলতা ছিল, সেগুলো ইতিমধ্যে নিষ্পন্ন হয়ে গেছে। আগের নকশা সংশোধন করা হচ্ছে। ভারতীয় প্রতিষ্ঠান কনসালটেন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংশোধিত নকশা প্রায় চূড়ান্ত করেছে। সংশোধিত নকশা অনুযায়ী র্যাম্পসহ সাড়ে আট কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার এখন পলাশী পর্যন্ত সম্প্রসারণ করা হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনির আখড়া এবং ঢাকা-ডেমরা মহাসড়কে এক কিলোমিটার পর্যন্ত প্রস্তাবিত পদ্মা সেতুর সংযোগ সড়কে প্রয়োজনীয় দূরত্ব পর্যন্ত এই উড়াল সেতু সম্প্রসারণ করা হবে। তবে গ্যাস, বিদ্যুত্, পানি ও টেলিফোন লাইন স্থানান্তরের ব্যয়ের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।বেলহাসা একমের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম বলেন, বিলম্বে হলেও বর্তমান সরকারের আগ্রহে প্রকল্পটির অনেক অগ্রগতি হয়েছে। আইনগত যেসব জটিলতা ছিল, সেগুলো নিষ্পত্তি হয়েছে। বিনিয়োগের জন্য সরকারি আর্থিক প্রতিষ্ঠানের পর্যাপ্ত সাড়া পাওয়া যাচ্ছে। কার্যত এটিই হতে যাচ্ছে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) প্রথম প্রকল্প।সালমান করিম আরও বলেন, শেয়ার ছেড়ে অবকাঠামো নির্মাণের এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এই প্রথম। আমাদের নতুন প্রস্তাবে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি প্রতিষ্ঠান ইতিবাচক সাড়া দিয়েছে। তিন বছর পর যখন এই অবকাঠামোর সম্পদ দৃশ্যমান হবে, তখন এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত করা হবে। ফলে যেসব প্রতিষ্ঠান বিনিয়োগ করছে, তারা বর্তমানের তুলনায় অধিক দামসহ এর মালিকানা পাবে।উল্লেখ্য, ২০০৬ সালের জুলাই মাসে সরকারের অনুমোদন সাপেক্ষে বেসরকারি বিনিয়োগে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের কাজ শুরু হয়। তবে বাস্তবায়নের শুরুতেই বিভিন্ন পরিষেবা, যেমন—পানি, বিদ্যুত্, পয়োনিষ্কাশন ও গ্যাসলাইন স্থানান্তরের ব্যয় সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার চাহিদার কারণে ধাপে ধাপে বেড়ে ১২৬ কোটি টাকায় উন্নীত হয়। আন্তমন্ত্রণালয় কমিটি ছয়বার বসেও বিষয়টির নিষ্পত্তি করতে সক্ষম হয়নি। পরে নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল। স্থানান্তর বাবদ প্রকৃত ব্যয় নির্ধারণের জন্য সরকার একটি কমিটিও গঠন করে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি সুপারিশ করে যে বিদ্যমান লাইন না সরিয়ে কেবল ভিত্তির নকশা সমন্বয় করে উড়াল সেতু নির্মাণ করা সম্ভব। সে অনুযায়ী আবার কাজ শুরু হলেও ২০০৭ সালে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তা বন্ধ হয়ে যায়। বেলহাসা একমের চেয়ারম্যান ওবায়দুল করিম দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে ২০০৮ সালের এপ্রিলে প্রকল্পটি বাস্তবায়নে বেলহাসা একমের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি অকার্যকর ঘোষণা করা হয়। বর্তমান সরকারের সময়ে এটি আবার কার্যকর করা হয়েছে।