বেলা দুইটায় বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে প্রচারের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত বেলা দুইটায় বাংলাদেশ টেলিভিশনের সংবাদ বেসরকারি টেলিভিশনে সরাসরি প্রচারের জন্য অনুরোধ জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। বেসরকারি চ্যানেলমালিকদের আপত্তির মুখে সরকার বিটিভির রাত আটটার সংবাদ প্রচার আপাতত স্থগিত করেছে। প্রধানমন্ত্রী দেশে ফিরে এলেই বিটিভির সংবাদ বেসরকারি চ্যানেলে প্রচার নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তার সমাধান করা হবে বলে টিভিমালিকদের আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।এদিকে বেলা দুইটায় বেসরকারি টেলিভিশনে বিটিভির সংবাদ প্রচারের বিষয়ে সরকারকে কোনো ওয়াদা দেননি বেসরকারি টিভিমালিকেরা। কাল বৃহস্পতিবার চ্যানেলমালিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে তাঁদের সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন।আজ বুধবার সচিবালয়ে বিটিভির সংবাদ বেসরকারি টিভি চ্যানেলে প্রচার বিষয়ে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে বেসরকারি চ্যানেলমালিকদের এক বৈঠকে এসব কথা বলা হয়।উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয়ের উপসচিব তন্দ্রা শিকদার স্বাক্ষরিত এক চিঠিতে বেসরকারি মালিকানায় টেলিভিশন চ্যানেল স্থাপনা ও পরিচালনা নীতি ১৯৯৮ সালের ৪(৪) ধারা অনুযায়ী বর্তমানে সম্প্রচারে থাকা দেশের ১৩টি বেসরকারি টিভি চ্যানেলকে বাংলাদেশ টেলিভিশনে বেলা দুইটা ও রাত আটটায় প্রচারিত সংবাদ সরাসরি সম্প্রচার করতে বলা হয়।বৈঠক বিষয়ে জানতে চাইলে বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল আহসান বলেন, বৈঠকে আপাতত বেলা দুইটার সংবাদ বেসরকারি টিভিগুলোয় সরাসরি সম্প্রচারের জন্য তথ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে রাত আটটার সংবাদ সম্প্রচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তথ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন।বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।