বেলা শেষের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়ে গেল ক্রিকেটের মহোৎসব। প্রায় দেড় মাস ধরে সব রকম মানবিক অনুভূতির প্রকাশ্য এবং চোরাস্রোতে সাঁতার কাটতে কাটতে ক্রিকেট বিশ্ব পার হয়ে এল এক মহামিলনের আনন্দ প্রণালি। বেলা শেষের গান ধ্বনিত হলো বটে, তবে এ আনন্দ সন্তরণের শেষ নেই। এর রেশ চলতেই থাকবে। আগামী চার বছরের প্রস্তুতি শেষে আবার উতাল-পাথাল ঢেউ জাগবে এ আনন্দ সরোবরে।আজ সকালে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের ঝাড়ুর ডগায় ডগায় উড়ে গেছে এবারের বিশ্বকাপের সব উত্তেজনা, উৎকণ্ঠা। এখন চূড়ান্ত বিজয়ীর দেশে প্রতি ধূলিকণায় উৎসবের বর্ণিল রেণু চকচক করছে। বাতাস চন্দনগন্ধা। হূদয়ে হূদয়ে অমৃতানন্দের উপভোগ্য সংগীত। অন্যদিকে হূদয়ভাঙা বেদনার আক্ষেপ পরাভূত শিবিরে। সান্ত্বনার প্রলেপ নিয়ে এগিয়ে আসা ব্যর্থ হাত গুটিয়ে নিচ্ছে তিন তিনবার ফাইনাল খেলার বাস্তবতা। অবশিষ্ট ১২ দল যারা ঘরে ফিরেছে চূড়ান্ত খেলার আগে, তারাও নির্মোহ অবস্থানে থেকে ফাইনালের রূপ, রস, গন্ধ চেখে হিসাব মেলাতে বসেছে বিশ্বকাপ থেকে প্রাপ্তি-অপ্রাপ্তির। চূড়ান্ত খেলার দিনে কেন জানি পুরো বিশ্বকাপের সময়টাই লহমায় চোখের সামনে দিয়ে ভেসে গেল। বড় বেশি মনে পড়ছে প্রথম পর্ব শেষে ফিরে যাওয়া, কোয়ার্টার-সেমিফাইনাল থেকে ফিরে যাওয়া দলগুলোর সারি সারি মুখ। মনে পড়ছে তাঁদের, যাঁরা ঘোষণা দিয়ে গেলেন এবারেই শেষ। বেলা শেষে তাঁদের জন্য মন একটু কেমন কেমন করেই।বিজয়ীদের জন্য হিমালয় প্রমাণ অভিনন্দন তো থাকছেই, কিন্তু আরও বড় মাপের অভিনন্দন এবারের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের। এবারের আয়োজন ক্রিকেটের অন্তর্নিহিত সৌভ্রাতৃত্বের বার্তা, খেলোয়াড়ি লড়াইয়ের নিরঙ্কুশ আবেদনের বার্তা আরও বেশি করে পৌঁছাতে পেরেছে বিশ্বময়। এই যে ফুলেল অভ্যর্থনায়, দেশবাসীর ভালোবাসার আবহে ঘরে ফিরল শহীদ আফ্রিদির পাকিস্তান, এটাও তো ওই ক্রিকেটীয় চেতনারই ফসল। পাকিস্তানের প্রেক্ষাপট বিবেচনায়, পূর্বাপর ইতিহাসের নিরিখে এ অভাবনীয়। সেমিফাইনালে ভারতের কাছে পরাজয় সামগ্রিক বিবেচনায় সহজে মেনে নিয়েছে পাকিস্তানের গোঁয়ার জাত্যাভিমান। শহীদ আফ্রিদির কল্যাণী অধিনায়কত্ব এবার পাকিস্তান ক্রিকেটের জন্য জিয়নকাঠির কাজ করেছে। এই কর্মের মর্ম উপলব্ধি করছে পাকিস্তান। মোহালি ম্যাচের সৌহার্দ্যপূর্ণ আবহ এ উপলব্ধির পেছনে কাজ করেছে বলে আমার বিশ্বাস। অভিনন্দন পাকিস্তানের জনগণ ও কর্তৃপক্ষকে। তাদের এই চেতনা পাকিস্তান ক্রিকেটকে ভবিষ্যতে খেলোয়াড়ি অপসংস্কৃতি থেকে রক্ষা করবে বলে আশা করি। নিউজিল্যান্ডের ছয় ছয়বার সেমিফাইনালে পরাজয়কে আক্ষেপের চাদরে ঢাকতে দেননি কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। বলেছেন, বিশ্ব ক্রিকেটের অবস্থানগত প্রেক্ষাপটে এটা তাঁদের জন্য গর্বের বিষয়। ভেট্টোরি প্রকৃত প্রস্তাবে ক্রিকেটই উচ্চারণ করেছেন। নিজ নিজ অবস্থানকে আবিষ্কার করার সুযোগ দেয় বিশ্বকাপ। আপন আপন আগামীর কর্মধারা নিরূপণ করা যায় সেই সূত্রে। ভেট্টোরির চেতনায় সব দল নিজ নিজ বিশ্বকাপ আহরণকে বিবেচনা করবে বলেই মনে হয়। জানি, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মনোকষ্ট একটু বড় দাগের হবে। কিন্তু কী করা, ক্রিকেট তো এ রকমই। দেয় যখন দুকূল ভাসিয়ে দেয় আর নেওয়ার সময় নেয় অস্থিমজ্জা চুর করে। তাই ক্রিকেটে এত উত্তেজনা, এত আনন্দ।এবারের বিশ্বকাপ প্রতিযোগিতায় সেরা ক্রিকেটার কেউ হবেন কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল এবারের দর্শক, যারা টিকিট কেটে খেলা দেখেছে। বিশেষ করে বাংলাদেশের দর্শক, কী অমানুষিক পরিশ্রম আর ভোগান্তির শিকার হয়েছে তারা বিশ্বকাপের জন্য। তার পরও শামিল হয়েছে বিশ্বকাপের আনন্দে। কষ্ট ভুলেছে দলের বিজয়ে। হতাশার চাপ বুকে সয়ে মুখে হাসি ধরে রেখেছে আগামীর আশায়। ওয়াসিক নামের এক বালকের কথা জেনেছি। সুদূর আমেরিকার টেক্সাস থেকে সে এসেছিল বাংলাদেশের খেলা দেখতে। স্কুলের ছুটি ছিল ছয় দিন। বাবাকে দিয়ে আরও এক সপ্তাহ আবেদন-নিবেদন করে বাড়িয়ে নিয়েছিল। মাঠে গিয়ে একটি মাত্র খেলা সে দেখেছে। সেই খেলায় বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৭৮ রানে অলআউট হয়। একটুও মন খারাপ করেনি ছেলে। বলেছে, ‘আমাদের খেলোয়াড়েরা তো ছোট ছোট। অনেক বড়দের সঙ্গে খেললে পারবে না তো।’ আরও বলল, ‘সামনেরবার আমিও বড় হব, আমাদের ক্রিকেটাররাও বড় হবে। তখন আমরা জিতব। আমি তখন আবারও খেলা দেখতে আসব।’তোমার মুখে ফুলচন্দন পড়ুক ওয়াসিক।