বেলাবোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাবো উপজেলার খামারেরচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা গ্রামের মো. মোরছালিন মিয়া (২৮) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট বিনায়েরচর গ্রামের বেলায়েত হোসেন (২৪)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের গাউছিয়া থেকে কাপড় ভর্তি একটি পিকআপ ভ্যান ভৈরব যাচ্ছিল। পথে ওই স্থানে ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানে থাকা তিনজন রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বেলায়েত হোসেন মারা যান। আর গুরুতর আহত অবস্থায় ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে মারা যায় মোরছালিন।বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা যায়, বেপরোয়া ও অসচেতনভাবে গাড়ি চালানোর কারণেই মূলত এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের লাশ জেলা প্রশাসকের অনুমতিক্রমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।