বেলুচিস্তান প্রস্তাব পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন: গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কংগ্রেসে বেলুচিস্তান-সম্পর্কিত প্রস্তাবকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে গতকাল শনিবার মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ‘দ্য নেশন’ পত্রিকার অনলাইন এ খবর জানিয়েছে। গত শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের ডানা রোরাবাছেরসহ একই দলের অপর দুই আইনপ্রণেতা পাকিস্তানের বেলুচিস্তান-সম্পর্কিত একটি প্রস্তাব আনেন। ওই প্রস্তাবে বেলুচিস্তানের জনগণের আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌম রাষ্ট্রের অধিকারের কথা উল্লেখ করে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের পক্ষে মত দেওয়া হয়েছে। পাকিস্তান কড়া ভাষায় এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল শনিবার বলেছেন, ‘এই প্রস্তাবনা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আমরা এর নিন্দা জানাই।’গিলানি সতর্ক করে বলেন, এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার গতকাল বলেছেন, এই প্রস্তাব দুই দেশের জনগণের মধ্যে অনাস্থা তৈরি করবে। মার্কিন কংগ্রেস এই প্রস্তাব অনুমোদন করবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শেরি রহমান তাঁর প্রতিক্রিয়ায় এই প্রস্তাবকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। পাকিস্তানের অনেকেই মনে করছেন, তেহরান থেকে ইসলামাবাদকে দূরে রাখার কৌশল হিসেবেই মার্কিন প্রতিনিধি পরিষদ এই পদক্ষেপ নিয়েছে।