বেলুচিস্তান প্রস্তাব: ইসলামাবাদের মার্কিন দূতকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কংগ্রেসে বেলুচিস্তানের স্বায়ত্তশাসনের প্রতি সমর্থন জানিয়ে প্রস্তাব আনার জন্য ইসলামাবাদে নিয়োজিত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দ্য নেশন পত্রিকার অনলাইন এ খবর জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার দেশটিতে নিয়োজিত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স রিচার্ড হোগল্যান্ডকে তলব করা হয়। মার্কিন কংগ্রেসে বেলুচিস্তানের স্বায়ত্তশাসনের প্রতি সমর্থন জানিয়ে প্রস্তাব আনার জন্য পাকিস্তানের পক্ষ থেকে তাঁর কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, ‘ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতকে পরিষ্কারভাবে জানানো হয়েছে, কংগ্রেসের এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরোধী এবং তা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আন্তরাষ্ট্রীয় আচরণের লঙ্ঘন।’এ প্রস্তাবের বিষয়ে পাকিস্তান সরকারের গভীর উদ্বেগের কথা মার্কিন প্রশাসনকে অবহিত করার জন্যও ওই রাষ্ট্রদূতকে বলা হয়েছে।গত শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের ডানা রোহরাবাচেরসহ একই দলের অপর দুই আইনপ্রণেতা পাকিস্তানের বেলুচিস্তান-সম্পর্কিত একটি প্রস্তাব আনেন। ওই প্রস্তাবে বেলুচিস্তানের জনগণের আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌম রাষ্ট্রের অধিকারের কথা উল্লেখ করে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের পক্ষে মত দেওয়া হয়।মার্কিন প্রতিনিধি পরিষদে কংগ্রেসম্যান ডানা রোহরাবাচের আনা প্রস্তাবটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর দেশের সার্বভৌমত্বের ওপর একটি আঘাত বলে নিন্দা জানান।এরপর ওয়াশিংটন রাতারাতি তাদের অবস্থান পরিবর্তন করে। যুক্তরাষ্ট্র সরকার গত রোববার জানিয়েছে, তারা বেলুচিস্তানের স্বাধীনতাকে সমর্থন করে না।ইসলামাবাদে মার্কিন দূতাবাসের মুখপাত্র রবার্ট রেইনেস এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্র পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানায়। পররাষ্ট্রবিষয়ক বিভিন্ন বিষয়ে কংগ্রেস সদস্যরা আইন প্রণয়ন করেন। বেলুচিস্তান নিয়ে ওই বিল যুক্তরাষ্ট্র সরকারের কোনো বিশেষ নীতির অনুমোদনকে ইঙ্গিত করে না।’