বেলুচিস্তানের স্বাধীনতা সমর্থন করবে না যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কংগ্রেসে বেলুচিস্তানের আত্মনিয়ন্ত্রণ-সম্পর্কিত প্রস্তাবের কড়া সমালোচনার পর এ ব্যাপারে অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে মার্কিন দূতাবাসের মুখপাত্র রবার্ট রেইনস জানিয়েছেন, বেলুচিস্তানের আত্মনিয়ন্ত্রণকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। রবার্ট রেইনসের এক বিবৃতির বরাত দিয়ে দ্য নিউজ জানিয়েছে, ‘পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতাকে শ্রদ্ধা করে যুক্তরাষ্ট্র। তা ছাড়া কংগ্রেসের সদস্যরা বিভিন্ন বৈদেশিক বিষয়ে প্রস্তাব আনলেও তার প্রতি মার্কিন সরকারের সমর্থনকে ইঙ্গিত করে না।’ গত শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের ডানা রোরাবাছেরসহ একই দলের অপর দুই আইনপ্রণেতা পাকিস্তানের বেলুচিস্তান-সম্পর্কিত একটি প্রস্তাব আনেন। ওই প্রস্তাবে বেলুচিস্তানের জনগণের আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌম রাষ্ট্রের অধিকারের কথা উল্লেখ করে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের পক্ষে মত দেওয়া হয়।পাকিস্তানের পক্ষ থেকে এ প্রস্তাবের তীব্র নিন্দা জানানো হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ প্রস্তাবকে পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেন।