বেশি টাকা কামানোর লোভে কিডনি ব্যবসায় নামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অল্প সময়ে বেশি অর্থ উপার্জনের লোভেই কিডনি ব্যবসায় জড়িয়ে পড়ি। এ পর্যন্ত ৩০-৩২ জনের কিডনি প্রতিস্থাপনে সহযোগিতা করেছি।’ কিডনি ব্যবসার দালাল চক্রের প্রধান তারেক আজম ওরফে বাবুল চৌধুরী গতকাল বিকেলে জয়পুরহাট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ কথা স্বীকার করেন। যকৃ ৎ দানকারী এবং এ-সংক্রান্ত মামলার প্রধান সাক্ষী মেহেদী হাসানও গতকাল বিকেলে আদালতে জবানবন্দি দেন। তারেক আদালত ও পুলিশকে দেওয়া স্বীকারোক্তিতে উল্লেখ করেন, তাঁর বাবা এম এ আজম খুলনা শিপইয়ার্ডে চাকরি করতেন। বাবার চাকরির সুবাদে শৈশবে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছোট হোসেনপুর গ্রাম ছেড়ে তাঁরা খুলনায় যান। তিনি ১৯৯৬ সালে খুলনা বিএল কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছয় ভাইবোনের সবাই স্নাতকোত্তর পাস। তারেক স্বীকারোক্তিতে বলেন, ১৯৯৮ সালে চাকরির খোঁজে তিনি ঢাকায় আসেন। চাকরি না পেয়ে একসময় বাড়িতে গিয়ে শিক্ষার্থী পড়ানো শুরু করেন। এ থেকে জমানো ২৫ হাজার টাকায় ছয় মাস পর শুরু করেন পোশাক কারখানার সামগ্রীর (এক্সেসরিজ) ব্যবসা। ২০০০ সালে বাবা মারা গেলে সংসারের দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। ওই বছর কানাডাপ্রবাসী মামাতো ভাই রেজাউল করিমের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হলে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে দেওয়া মুঠোফোনের সূত্র ধরে কিডনি বিক্রির জন্য যোগাযোগ করেন জয়পুরহাটের আবদুস সাত্তারসহ আরও ৬০-৭০ জন। আদালতে তারেক বলেন, ‘আমি কিডনি কেনাবেচা চক্রের হোতা নই। এ চক্রের মূল হোতা জয়পুরহাটের কালাইয়ের আবদুস সাত্তার। আমি শুধু কিডনি বিক্রি করতে ইচ্ছুক ব্যক্তিদের সঙ্গে রোগীর যোগাযোগ করিয়ে দিতাম। বিনিময়ে ২০ থেকে ৫০ হাজার টাকা সম্মানী পেতাম রোগীপক্ষ থেকে। গ্রাম থেকে কিডনিদাতা সংগ্রহ, রোগীর সঙ্গে দর-কষাকষি—সবই করতেন জয়পুরহাটের আবদুস সাত্তার।’তারেক স্বীকার করেন, অল্প দিনে বেশ কিছু নগদ টাকা হাতে আসে। ফকিরাপুল এলাকায় একটি অফিসও নেন তিনি। মোহাম্মদী হাউজিং এলাকায় স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে বসবাস করেন। পোশাক কারখানার সামগ্রী সরবরাহের ব্যবসার পাশাপাশি কিডনি সংগ্রহে রোগীদের সহযোগিতার কাজ চালিয়ে যান।তারেক স্বীকারোক্তিতে বলেন, ‘কিডনি কেনাবেচা অবৈধ—এটা এত দিন কেউ বলেননি। মানবসেবা মনে করেই এত দিন এ কাজ করেছি। এখন নিজের ভুল বুঝতে পেরে আমি অনুতপ্ত।’কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম প্রথম আলোকে জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর গতকাল সন্ধ্যায় তারেককে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তিনি পুলিশের কাছে যা বলেছেন, আদালতেও প্রায় একই স্বীকারোক্তি দেন।