বেশি দামে বিদ্যুৎ কিনতে হয়। দিতে হয় তার, খুঁটি, ট্রান্সফরমার কেনার অর্থও। তবু ২৪ ঘণ্টার বেশির ভাগ সময় বিদ্যুৎ পান না পল্লী বিদ্যুতের গ্রাহকেরা। পল্লী বিদ্যুতের গ্রাহকদের জন্য লোডশেডিংয়ের কোনো সময়সীমা নেই। প্রতি পদে পদে দুর্ভোগ ও বৈষম্যের শিকার হচ্ছেন তাঁরা। সারা দেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আবাসিক গ্রাহকদের (১ থেকে ১০০ ইউনিটের জন্য) প্রতি ইউনিটের জন্য দিতে হয় দুই টাকা ৯৪ পয়সা। কিন্তু একই বিদ্যুতের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) গ্রাহকদের দিতে হয় দুই টাকা ৬০ পয়সা। পল্লী বিদ্যুতের বাকি গ্রাহকদেরও ইউনিট প্রতি বেশি টাকা খরচ করতে হয়।রংপুর: ‘রাস্তার ওপারে প্রায় সময় বিদ্যুৎ থাকে। আর এপারে থাকতে হয় অন্ধকারে। মাঝখানে শুধু একটি ছোট্ট রাস্তা।’ গ্রাম ও শহরের বিদ্যুতের বৈষম্য নিয়ে কথাগুলো বলছিলেন রংপুর সদর উপজেলার উত্তম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বেসরকারি চাকরিজীবী জোবেদ আলী। এমন অভিযোগ রংপুর বিভাগের আট জেলার পল্লী বিদ্যুতের কয়েক লাখ গ্রাহকের। পিডিবির রংপুর আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার পিডিবির আওতাধীন দুই লাখ ৪১ হাজার ৯৬০ জন গ্রাহকের জন্য ২১৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কিন্তু এর তিনগুণ বেশি পল্লী বিদ্যুতের ছয় লাখ ৮৭ হাজার ৪৩১ গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে মাত্র ১২৩ মেগাওয়াট। গঙ্গাচড়া উপজেলার কিশামত হাবু গ্রামের শিক্ষক কমল কান্ত বলেন, ‘হামরা গ্রামের গরিব মানুষেরা বিদ্যুতের বিলও বেশি দিয়া থাকি। আর টাকা কম দিয়া বিদ্যুৎ বেশি পায় শহরের মানুষ।’ একই উপজেলার আরাজি গ্রামের কৃষক শেখ রুহুল ইসলাম বলেন, ‘দিনে-রাইতে ২৪ ঘণ্টায় বড়জোর বিদ্যুৎ থাকে সাত থেকে আট ঘণ্টা। এর পরও হামার বিদ্যুতোত খরচ বেশি।’ সদর উপজেলার পাগলাপীরের তপন ইলেকট্রনিকসের মালিক তপন কুমার চক্রবর্তী বলেন, ‘এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে তিন ঘণ্টা থাকে না। এমন করি ব্যবসা চলে?’ রাজশাহী: মহানগরে এখন চাহিদার বিপরীতে ৯০ শতাংশ এবং গ্রামে ৫৭ থেকে ৫৮ শতাংশ বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। জেলার চারঘাট উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কলেজশিক্ষক আসাদুজ্জামান বলেন, ‘বিদ্যুৎ কখন থাকছে আর কখন যাচ্ছে—কোনো নিয়মকানুন নেই। আবার বিদ্যুৎ থাকুক আর না-ই থাকুক, বিল কিন্তু কম আসে না। আবার নিজের টাকা দিয়ে কেনা মিটারের জন্য প্রতি মাসে ১০ টাকা করে ভাড়া দিতে হয়।’রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, তাদের অধীনে রাজশাহী জেলার পবা, গোদাগাড়ী, মোহনপুর, তানোর ও দুর্গাপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রতিদিন চাহিদার সর্বোচ্চ সময়ে (পিক আওয়ার) ২৮ ও কম চাহিদার সময়ে (অফ পিক আওয়ার) ২২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। এর বিপরীতে পিডিবি যথাক্রমে প্রায় ১৬ মেগাওয়াট ও ১৭-১৮ মেগাওয়াট বিদ্যুৎ তাদের দেয়। অন্যদিকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় সর্বোচ্চ সময়ে বিদ্যুতের চাহিদা ১১ মেগাওয়াট। তারা পায় চার থেকে পাঁচ মেগাওয়াট। আর অন্য সময়ে চাহিদার প্রায় ছয় মেগাওয়াটের ৬০ শতাংশ পায় তারা।রাজশাহী পিডিবির প্রধান প্রকৌশলী আরজাদ হোসেন বলেন, শহর এলাকায় বড় বড় সরকারি অফিস-আদালত, কল-কারখানা, বিশ্ববিদ্যালয় ও কলেজসহ সরকারি-বেসরকারি নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এ গুরুত্বের কথা বিবেচনা করেই শহরে বেশি বিদ্যুৎ সরবরাহ করা হয়।বরিশাল: পল্লী বিদ্যুতের মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের গ্রাহক এনামুল হক বলেন, ‘সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না বললেই চলে। পড়াশোনার জন্য হারিকেন বা কুপিবাতির ওপর নির্ভর করতে হয়।’ একই ধরনের কথা বলেন বাকেরগঞ্জের দুধল ইউনিয়নের মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন খান। তিনি বলেন, লাইনে সমস্যা হলে অভিযোগ দিলে অনেক সময় তিন-চার দিনেও পল্লী বিদ্যুতের লোকজনের দেখা মেলে না।মুলাদী উপজেলার নাজমুন নাহার বলেন, বিদ্যুতের একটি খুঁটির জন্য ১৫ হাজার টাকা জমা দিলেও সংযোগ পাওয়ার আশ্বাস পাওয়া যায় না।গ্রাহকদের পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না করতে পারার বিষয়ে পল্লী বিদ্যুতের দাবি, বরিশালে বরাদ্দ করা বিদ্যুতের এক-তৃতীয়াংশ সরবরাহ করা হয় পল্লী বিদ্যুতকে। ফলে ৮২ হাজার গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুল মান্নান বলেন, ব্যক্তিগত অর্থায়নে খুঁটি ও মালামালসহ ১২-১৩ হাজার টাকা সমিতি বরাবরে জমা দিতে হয়। অভিযোগ করে ২৪ ঘণ্টার মধ্যে সমাধান হয়নি এমন অভিযোগ সঠিক নয়। ট্রান্সফরমার চুরির ক্ষেত্রে গ্রাহকদের অর্ধেক টাকা সমিতিতে জমা দিতে হয়।খুলনা: মহানগরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) বিদ্যুৎ বিতরণ করা হয়। কর্মকর্তাদের দাবি, শহরে লোডশেডিং নেই বললেই চলে। কিন্তু নগরের মুসলমানপাড়া এলাকার বাসিন্দা হাবিব বিপ্লব বললেন, দুই-তিন দিন আগেও শহরের অবস্থা এত খারাপ ছিলও না। এখন প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এর চেয়ে ভয়াবহ অবস্থা পল্লী বিদ্যুতের গ্রাহকদের। কয়রা উপজেলা সদরের পল্লী বিদ্যুতের গ্রাহক রিয়াসাত উদ্দিন বলেন, ‘কয়রায় বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ আসে। প্রতি এক ঘণ্টা পর এসে ৩০-৪০ মিনিট করে থেকে আবার চলে যায়। মাঝেমধ্যে পাঁচ-ছয় ঘণ্টা পরও আসে।’ খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আবুল কালাম মহিউদ্দিন বলেন, ‘গ্রামাঞ্চলের লোকদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়।’ সিলেট: মহানগরে লোডশেডিং, বিদ্যুৎবিভ্রাট বা বিঘ্নিত হলে অন্তত অভিযোগ করা যায়। কিন্তু গ্রামে অভিযোগ করারও জায়গা নেই। সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আবদুল হাই এভাবেই গ্রাম ও শহরে বিদ্যুৎ সরবরাহের বৈষম্য তুলে ধরেন। বিয়ানীবাজার উপজেলার কলেজছাত্রী দিবা বেগম বলছিলেন, ‘দিনের বেলা বিদ্যুতের বারবার আসা-যাওয়া সহনীয় হয়ে গেছে। কিন্তু রাতে বিদ্যুতের বারবার আসা-যাওয়া সহ্য হয় না। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলারও সুযোগ নেই।’এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সিলেট-১-এর উপমহাব্যবস্থাপক এম আক্তারুজ্জামান বলেন, ‘গ্রামে মূল সমস্যা হচ্ছে সরবরাহ লাইন। বৃষ্টির মৌসুমে গাছ-বাঁশ সরবরাহ লাইনকে ক্ষতিগ্রস্ত করে। এ কারণে অনেক এলাকায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দেওয়া যায় না।’ শহরে লোডশেডিং নয়, বিদ্যুৎবিভ্রাটে নাকাল হচ্ছেন বলে একাধিক গ্রাহক অভিযোগ করেন। আম্বরখানার বাসিন্দা আবু তাহের বলেন, সম্প্রতি লোহারপাড়ায় একটি ট্রান্সফরমার বিকল হয়ে প্রায় সাত দিন বিদ্যুৎবিহীন ছিল গোটা এলাকা। কিন্তু কী জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে—এ বিষয়টি পুরো সাত দিনই জানতে পারেনি এলাকাবাসী। শেষে লোকজনের বিক্ষোভ দেখে ট্রান্সফরমার মেরামত করা হয়।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আরিফুল হক, রংপুর; আবুল কালাম মুহাম্মদ আজাদ, রাজশাহী; উজ্জ্বল মেহেদী, সিলেট; সাইফুর রহমান, বরিশাল ও কাজী আবদুল্লাহ্, খুলনা]