বেশি দাম দিলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশি দাম দিলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। অর্থাৎ লোডশেডিং থাকবে না। শিল্পকারখানার জন্য এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে দেশের অধিকাংশ ব্যবসায়ী এই ঘোষণায় খুশি হননি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চাহিদা ও প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে এই মূল্যহার ঘোষণা করা হয়। মূল্যহার অনুযায়ী যেসব শিল্পগ্রাহক (এদের কিউ শ্রেণীর গ্রাহক হিসেবে চিহ্নিত করা হবে) ১৩২ হাজার ভোল্টের লাইন থেকে সরাসরি বিদ্যুৎ নেবেন, তাঁদের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম পড়বে ১৩ টাকা ৮৮ পয়সা। ৩৩ হাজার ভোল্টের লাইন থেকে বিদ্যুৎ নিলে দাম পড়বে ১৪ টাকা ৪৫ পয়সা এবং ১১ হাজার ভোল্টের লাইন থেকে নিলে প্রতি ইউনিটের দাম পড়বে ১৪ টাকা ৯৯ পয়সা।এর প্রতিটি ক্ষেত্রে ইউনিটপ্রতি পাঁচ টাকা ৭৮ পয়সা ধরা হয়েছে সেবার মূল্য (কস্ট অব সার্ভিস)। বাকি টাকা পিডিবি পাবে বিদ্যুতের দাম বাবদ, যা প্রতি ইউনিটে সর্বোচ্চ নয় টাকা ৭০ পয়সা এবং সর্বনিম্ন সাত টাকা ৯৫ পয়সা। আগামী ১ জুন থেকে এই মূল্যহার কার্যকর হবে। শুরুতে শুধু রপ্তানিমুখী শিল্পকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হবে। গত মার্চে বিদ্যুতের সর্বশেষ মূল্যবৃদ্ধির পর শিল্পগ্রাহকেরা প্রতি ইউনিট বিদ্যুতের সর্বোচ্চ দাম দেন (পিক আওয়ারে) আট টাকা আট পয়সা। এটা তাঁরা ১০ টাকা পর্যন্ত দিতে রাজি।মূল্যহার ঘোষণাসংক্রান্ত বিইআরসির আদেশে বলা হয়েছে, এই দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ কিনতে আগ্রহী শিল্পগ্রাহকদের প্রয়োজনীয় উপকেন্দ্র, ফিডার, লাইন ইত্যাদি নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে হবে। পিডিবি এ ক্ষেত্রে শুধু কারিগরি সহায়তা দেবে। অর্থাৎ অবকাঠামো নির্মাণেও গ্রাহককে অনেক অর্থ ব্যয় করতে হবে।এভাবে কোনো শিল্পগ্রাহকের পক্ষে বিদ্যুৎ কিনে শিল্প পরিচালনা সম্ভব কি না, জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটা বলা যায় না। আমরা ছয় মাস পর্যন্ত বিষয়টির আগ্রগতি পর্যবেক্ষণ করতে পারি। তারপর হয়তো বলা যাবে।’বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আবদুস সালাম মুর্শেদী প্রথম আলোকে বলেন, রপ্তানিমুখী শিল্পের জন্য সরকারের এই উদ্যোগটি প্রশংসনীয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইউনিটপ্রতি যে দাম নির্ধারণ করা হয়েছে, তা অনেক বেশি। এই দামে সিংহভাগ শিল্পোদ্যোক্তাই বিদ্যুৎ নিতে সক্ষম হবেন না।পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘বিইআরসির প্রস্তাব আমরা বাধ্যতামূলক করিনি। ওই দামে নেবেন কি না, তা শিল্পোদ্যোক্তাদের ওপর নির্ভর করছে।’রপ্তানি খাতের গুরুত্ব, আন্তর্জাতিক বাজার ও বাস্তবতা বিবেচনা করে শিল্পপ্রতিষ্ঠানের জন্য বিদ্যুতের মূল্য পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি দাবি জানান এবং প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০ টাকা পর্যন্ত যৌক্তিক হয় বলে মন্তব্য করেন তিনি।ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, লোডশেডিংয়ের কারণে এখন শিল্পকারখানায় ১২-১৪ ঘণ্টা জেনারেটর চালাতে হয়। জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে এতে ইউনিটপ্রতি গড়ে ১১ টাকা দাম পড়ে। সে ক্ষেত্রে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাম ইউনিটপ্রতি নয় টাকা হলে শিল্পোদ্যোক্তারা উপকৃত হবেন।চট্টগ্রাম থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হামিদ উল্লাহ জানান, উচ্চমূল্যের বিনিময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে সিদ্ধান্ত বিইআরসি ঘোষণা করেছে, তাতে শিল্পকারখানায় উৎপাদনের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন শিল্পোদ্যোক্তারা। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত বলেন, পিডিবির নতুন এ সিদ্ধান্ত অযৌক্তিক। সরকার শুধু ফার্নেস তেল দিয়েই বিদ্যুৎ উৎপাদন করে না। ফার্নেস তেলে প্রতি ইউনিটের খরচ ১৬ টাকা পড়লে পানি দিয়ে উৎপাদিত বিদ্যুতের দাম পড়ে এক টাকা। ফলে ফার্নেস তেল, গ্যাস ও পানি দিয়ে উৎপাদিত বিদ্যুতের গড় খরচেই বিদ্যুৎ সরবরাহ করা উচিত। তা ছাড়া বর্তমানে যাদের গ্যাসভিত্তিক নিজস্ব উৎপাদনের ব্যবস্থা রয়েছে, তাঁরা প্রতি ইউনিট বিদ্যুৎ পাচ্ছেন তিন টাকায়। অন্যরা কেন ১৪ টাকায় কিনবেন।একাধিক কারখানার মালিক অভিযোগ করেন, পিডিবির নতুন নিয়ম অনুযায়ী যাঁর টাকা আছে, তিনি বিদ্যুৎ পাবেন। যাঁর টাকা নেই, তিনি পাবেন না। আবার যাঁর টাকা আছে তিনি সব বিদ্যুৎ কিনে ফেললে যাঁর টাকা নেই তিনি তো কোনো বিদ্যুৎ পাবেন না। বিদ্যুৎ পাওয়াটা তো একজন নাগরিকের অধিকার।কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) সূত্রে জানা যায়, কেবল চট্টগ্রামেই ১২৪টি প্রতিষ্ঠানকে বিদ্যুৎ উৎপাদনের জন্য (ক্যাপটিভ) নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের সংযোগ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান প্রতিদিন গড়ে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পোড়ায়। এসব প্রতিষ্ঠান প্রতিদিন কম-বেশি ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। ক্যাপটিভ পাওয়ারের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ পড়ে সর্বোচ্চ তিন টাকা। এ অবস্থায় দেখা যায়, সরকারের নতুন নিয়মের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার জন্য প্রতি ইউনিটের বিপরীতে কারও খরচ পড়ছে তিন টাকা, কারও পড়বে ১৪ টাকা। এ বৈষম্যের কারণে একই পণ্য উৎপাদনকারী দুটি শিল্পকারখানা অসম প্রতিযোগিতার মুখে পড়বে।