বেশি দাম পেতে ইলিশের পেটে মার্বেল!
দাম বাড়ার সুযোগ নিয়ে ইলিশের পেটে মার্বেল ও পাথর ঢুকিয়ে বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়ী। আজ মঙ্গলবার বরিশাল নগরে ইলিশের কয়েকটি আড়তে এ ঘটনা ধরা পড়ে। ইলিশের ভরা মৌসুমে লাভের আশায় ব্যবসায়ীদের এ ধরনের তত্পরতায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।আজ মঙ্গলবার বেলা দেড়টায় সরেজমিন কয়েকটি ইলিশ মোকাম পরিদর্শন করেন এই প্রতিবেদক। সায়েম এন্টারপ্রাইজ ও শাহীন ট্রেডার্সে কয়েকটি মাছের পেটে মার্বেল ও পাথর পাওয়া যায়। শাহীন ট্রেডার্সের আবদুর রব বলেন, ‘আমরা খুচরা বাজার থেকে পাইকারি দরে ইলিশ মাছ কিনি। ব্যবসায়ীরা বেশি দাম পাওয়ার জন্য মাছের পেটে মার্বেল ও পাথর ঢুকিয়ে বিক্রি করছে।’ইলিশ মাছের ক্রেতা মাসরেফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নগরের পোর্ট রোড বরিশাল ইলিশ মোকাম থেকে সাড়ে ১১০০ টাকা কেজি দরে ছয়টি ইলিশ মাছ কিনে আনি। নতুন বাজারে গিয়ে মাছ কাটলে দুটি মাছের পেট থেকে ২০টি করে মোট ৪০টি মার্বেল পাই। তখন অন্য মাছগুলো না কেটে আড়তে ফেরত দিয়ে আসি।’সায়েম এন্টারপ্রাইজের মালিক মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এক কেজির ওপরে নেওয়ার জন্যই মাছে মার্বেল ও পাথর ঢুকানো হয়েছে। কেজির নিচে হলে দাম হতো মাত্র ৫০০-৬০০ টাকা। মার্বেল ঢুকানোর ফলে মাছ ১২০০ টাকায় কিনতে হয়েছে। এতে আমাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে।’মোকামের মো. হানিফ সিকদার বলেন, ‘এর আগে জালের কার্ড (লোহা) পাইছিলাম। আড়তে যারা মাছ দেয়, হ্যারা বেশি দাম পাবার জন্য ওই কাজ করে।’ব্যবসায়ী মো. মোর্শেদ খান বলেন, ‘আমাদের ইলিশ বিদেশে রপ্তানি হয়। দেশের বাইরে এ রকম একটি ঘটনা ধরা পড়লে এর প্রভাব পড়বে সরাসরি রপ্তানিতে। দেশের ভাবমূর্তি নষ্ট হবে।’বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা শুনেছি, ইলিশ মাছের পেটে মার্বেল ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে। তবে কোনো অভিযোগ আসেনি।