বেশি দামে চিনি বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রির অভিযোগে আজ মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট এলাকায় দুজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের জরিমানা করেন।আজ বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালত নিউমার্কেট এলাকার হোসেন স্টোরে অভিযান চালান। ওই দোকানি প্রতি কেজি খোলা চিনি ৪৯ টাকায় বিক্রি করে আসছিলেন। আদালত সোলায়মান হোসেন নামে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।পরে আদালত শাহিনুর স্টোরে অভিযান চালান। ওই দোকানি প্রতি কেজি চিনি ৪৮ টাকায় বিক্রি করছিলেন। ভ্রাম্যমাণ আদালত দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।সরকার ও ব্যবসায়ী নেতারা মিলগেটে প্রতি কেজি চিনির মূল্য ৪৩ টাকা নির্ধারণ করেন। এই চিনি খুচরা বাজারে সর্বোচ্চ ৪৭ টাকার ওপরে বিক্রি হবে না বলে জানানো হয়। কিন্তু বেশির ভাগ দোকানিই এ নির্দেশ মানেন না বলে অভিযোগ পাওয়া গেছে।