কম দামের ডাল বেশি দামে কিনতে ডিলারদের বাধ্য করছে রাষ্ট্রীয় বিক্রয়কারী প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজারে যে ডালের দাম ৭২ টাকা, সেই ডালই জনগণের কাছে বিক্রির জন্য টিসিবি ডিলারদের দিতে চাইছে ৯১ টাকা কেজি দরে।যোগাযোগ করলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে একটু ঝামেলা হচ্ছে বলে আমি শুনেছি। শিগগিরই এর সমাধান করা হবে।’সূত্র জানায়, টিসিবির গুদামে বর্তমানে ১৫ হাজার ৬০০ টন মসুর ডাল মজুদ রয়েছে। মসুর ডালের সরবরাহ নিতে তিন দিনের সময় বেঁধে দিয়ে ৭ নভেম্বর ডিলারদের কাছে বরাদ্দপত্র পাঠায় টিসিবি। টিসিবি বলেছে, কেজিতে তিন টাকা বেশি অর্থাৎ খুচরা বাজারে ৯৪ টাকা করে এই ডাল বিক্রি করতে হবে।বরাদ্দপত্রে ডালের পাশাপাশি সয়াবিন তেল ও চিনি নেওয়ার কথাও বলা হয়েছে। শর্ত হলো, চিনি ৪৪ টাকা এবং সয়াবিন তেল ৮২ টাকা দরে টিসিবিকে দিতে হবে। আর ডিলাররা বিক্রি করবেন চিনি ৪৭ টাকা ও সয়াবিন তেল ৮৫ টাকা দরে।টিসিবি বলেছিল, ১০ নভেম্বরের মধ্যে টাকা জমা দিয়ে পণ্য নিয়ে মজুদ ও বিক্রি শুরু করতে হবে। আর ১৫ নভেম্বরের মধ্যে বরাদ্দ না নিলে জামানত বাজেয়াপ্তসহ ডিলারশিপ বাতিল করা হবে। সূত্র জানায়, ডালের দামে আপত্তি থাকায় বরাদ্দপত্রের মেয়াদের শেষ দিন পর্যন্ত দেড় হাজার ডিলারের মধ্যে ৭০০ ডিলার কোনো পণ্য নেননি।ডিলাররা বলছেন, সয়াবিন তেল ও চিনি নিতে তাঁদের আপত্তি নেই। কিন্তু মসুর ডাল নিতে পারবেন না তাঁরা। কারণ, মোটা দানার এই ডাল খুচরা বাজারেই বিক্রি হচ্ছে ৭২ টাকা কেজি দরে। অথচ টিসিবি বলছে, ৯১ টাকা কেজি দরে এই ডাল কিনতে হবে। টিসিবি সূত্র জানায়, নিম্নমানের ডাল নিতে বাধ্যবাধকতা আরোপ করায় গত ১৩ নভেম্বর ডিলারদের একাংশ ও টিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাগিবতণ্ডা হয়। ডিলারদের অভিযোগ, সংস্থাটি সবার সঙ্গে সমান ব্যবহার করছে না।জানা গেছে, রাজধানীতে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত টিসিবির নারী ডিলারদের মসুর ডাল ছাড়াই তেল ও চিনি নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। কিন্তু অন্যদের ক্ষেত্রে এই সুযোগ রাখা হয়নি।ডাল নিয়ে টিসিবি কর্তৃপক্ষের জবরদস্তির প্রতিকার চেয়ে বাণিজ্যসচিব গোলাম হোসেনের শরণাপন্ন হয়েছে বাংলাদেশ টিসিবি ডিলার সমিতি (বিটিডিএ)। বিডিটিএ বাজারদর অনুযায়ী মসুর ডালের দাম নির্ধারণ এবং ৩০ নভেম্বর পর্যন্ত বরাদ্দের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছে।বিডিটিএর সভাপতি জুয়েল আহমেদ প্রথম আলোকে জানান, পণ্য নিয়ে রহস্যজনক আচরণ করছে টিসিবি। মাত্র দুই দিনের সময় দিয়ে চিঠি পাঠানোর মানে কারও কাছেই বোধগম্য নয়। টিসিবির এই মসুর ডাল বাজারে বিক্রি করলে কেজিতে ২০ থেকে ২৫ টাকা লোকসান গুনতে হবে ডিলারদের। নিম্নমানের ডাল বেশি দাম দিয়ে কেনায় সমস্যাটা আগেই তৈরি হয়েছে বলে মনে করেন জুয়েল আহমেদ। টিসিবির প্রধান কার্যালয়ে কাপ্তানবাজারের ডিলার মানিক মিয়া, সিদ্ধিরগঞ্জের ডিলার শাহাবুদ্দিন পাটোয়ারী ও মো. নুরুন্নবী প্রথম আলোকে জানান, ‘কানাডা থেকে আমদানি করা মোটা দানার ডাল আমাদের গছিয়ে দিতে চাইছে টিসিবি। এই ডালের আকার তিন থেকে সাড়ে তিন মিলিমিটারের মতো, বাজারে যার দাম ৭০ থেকে ৭২ টাকা কেজি।জানা গেছে, দানিয়া জামান ফুড প্রোডাক্টস, তমা এন্টারপ্রাইজসহ চারটি প্রতিষ্ঠান থেকে ডাল সংগ্রহ করেছে টিসিবি। টিসিবির মির্জাপুর গুদামের গুদামরক্ষক সুলতান উদ্দিন প্রথম আলোকে জানান, নিম্নমানের ও ভেজা থাকার কারণে তমা এন্টারপ্রাইজের ডাল গ্রহণ করা হয়নি।মসুর ডালের মান ও দাম নিয়ে টিসিবির কোনো কোনো ডিলার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছেন বলে প্রথম আলোর কাছে মন্তব্য করেন সংস্থাটির চেয়ারম্যান মো. খলিলুর রহমান। সম্প্রতি কয়েকজন ডিলার কার্যালয়ে এসে উচ্চবাচ্য করেছেন বলে স্বীকার করেন তিনি। চিনি ও সয়াবিন তেলের দাম নিয়ে প্রশ্ন না উঠলেও মসুর ডাল নিয়ে কেন প্রশ্ন উঠছে—এমন প্রশ্নের জবাবে টিসিবির পরিচালক মাহফুজার রহমান সরকার বলেন, বাজারে মসুর ডালের দাম এখন কমতির দিকে। এ কারণেই ডিলাররা তা নিতে চাইছেন না।রাজশাহী অঞ্চলের ডিলাররাও ডালের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেশি রাখার অভিযোগ করেছেন। টিসিবির রাজশাহী কার্যালয়ের প্রধান জহুরুল ইসলাম প্রথম আলোর রাজশাহী অফিসকে জানিয়েছেন, ডাল কেনা হয়েছে কেন্দ্রীয়ভাবে। এ ব্যাপারে তাঁর কিছু বলার নেই।