বেশি ফলনশীল ধান উদ্ভাবন করুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম জমিতে বেশি উত্পাদন হয় এমন জাতের ধান উদ্ভাবনের জন্য কৃষিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনের নবনির্বাচিত সভাপতি নীতিশ দেবনাথ ও মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করলে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমরা লবণাক্ততা-সহিষ্ণু জাতের ধান আবিষ্কার করতে সক্ষম হয়েছি।এখন আমাদের খরা ও বন্যাসহিষ্ণু ধান উদ্ভাবন করতে হবে।’সাক্ষাত্কালে কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতারা কৃষক ও কৃষিবিদদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর অবদানের কথা উলে¬্লখ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা কৃষি ও কৃষিবিদদের জন্য বঙ্গবন্ধুর অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কৃষিবিদ নেতারা প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। এ সময় তাঁকে কৃষিবিদ ইনস্টিটিউশনের আজীবন সদস্যপদ দেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উত্পাদন বৃদ্ধির জন্য কৃষিবিদদের অবদানের কথা উল্লে¬খ করে বলেন, জনগণের খাদ্য ও সামাজিক নিরাপত্তা গড়ে তুলতে হবে। এ লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে সরকারকে সহযোগিতার জন্য তিনি কৃষিবিদদের প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের বিগত সরকারের আমলে খাদ্যঘাটতির বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্ত দেশে পরিণত হয়েছিল। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আত্মনির্ভরশীল জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিন্তু জামায়াত-বিএনপি জোট সরকার ২০০১ সালের নির্বাচনের পর বাংলাদেশকে পুনরায় খাদ্যঘাটতির দেশে পরিণত করেছিল। তারা বিশ্বাস করত, দেশে খাদ্যখাটতি থাকলে বিদেশি সাহায্য পাওয়া যায়। আমরা কেবল বিদেশি সাহায্য নয়, সর্বক্ষেত্রে আত্মনির্ভরশীল হয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’প্রধানমন্ত্রী বলেন, দেশে জমির পরিমাণ কম হওয়ায় গবেষণার মাধ্যমে কৃষির উত্পাদন বাড়াতে হবে। তিনি বলেন, দেশে প্রচুর বিনিয়োগ আসছে। বিশ্বমন্দা সত্ত্বেও বাংলাদেশের প্রবৃদ্ধির হার সন্তোষজনক।আলোচনাকালে কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতারা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বাসস।